২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমার ওপর ঝড় বইয়ে দিয়েও সোবহানার আক্ষেপ

শেষ চার বলে দুটি করে ছক্কা-চার মেরেও ১ রানে হারল সোবহানা মোস্তারির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 12:48 AM

Updated : 26 Aug 2022, 12:59 AM

জয়ের জন্য শেষ ৪ বলে প্রয়োজন ২২ রান। কঠিন এই সমীকরণের সামনে হাল ছাড়লেন না সোবহানা মোস্তারি। অভিজ্ঞ সালমা খাতুনের ওপর ঝড় বইয়ে দুটি করে ছক্কা-চার মারলেনও তিনি। কিন্তু তাতে লাভ হলো না। রংপুর বিভাগের বিপক্ষে খুব কাছে গিয়েও হেরে গেল চট্টগ্রাম বিভাগ।

টি-টোয়েন্টি সংস্করণে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে বৃহস্পতিবার শেষ ওভারের রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জিতেছে রংপুর। ১২২ রানের লক্ষ্যে চট্টগ্রাম করে ১২০ রান।

শেষ ৬ বলে ২৪ রানের লক্ষ্যে প্রথম বল থেকে আসে একটি সিঙ্গেল। পরের বলটি ওয়াইড করেন সালমা। পরের বল থেকে আসেনি কোনো রান। এরপরই তাণ্ডব চালান সোবহানা।

লক্ষ্য তাড়ায় চারে নেমে ৩ ছক্কা ও ৫ চারে ৩৪ বলে ৫৬ রান করেন তিনি। তার সঙ্গে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৯ বলে ২২ রান করেন নুজহাত তাসনিয়া। ১ ছক্কা ও ৩ চারে ২৩ বলে ২৬ রান করেন ফাল্গুনী বন্যা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুরের হয়ে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন সাথী রানী। ইনিংস শুরু করতে নেমে ২ ছক্কা ও ৬ চারে তিনি করেন ৭২ রান। জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

অধিনায়ক সালমা খাতুনও রাখেন অবদান। ২ চারে ২০ বলে ২৫ রান করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর বিভাগ: ২০ ওভারে ১২১/৩ (সাথী ৭২, মুর্শিদা ৭, উন্নতি ৯, সালমা ২৫*, জেসি ৬*; খাদিজা ৪-০-২৭-১, হ্যাপী ৪-০-১২-১, অপর্ণা ৪-০-২৭-০, স্বর্ণা ৪-০-২৫-০, তানজিলা ১-০-৮-০, নুসরাত ১-০-৮-০)

চট্টগ্রাম বিভাগ: ২০ ওভারে ১২০/৩ (আফিয়া ১, ইভা ৮, ফাল্গুনী ২৬, সোবহানা ৫৬*, নুজহাত ২২*; তৃষ্ণা ৪-১-১৭-০, সালমা ৪-০-৩৮-১, ফারজানা ৩-০-১৮-০, তিথি ৪-০-২২-১, জেসি ৪-০-১৬-১, তাজিয়া ১-০-৯-০)

ফল: রংপুর বিভাগ ১ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: সাথী রানী

শামীমার টানা দ্বিতীয় ফিফটি

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন শামীমা সুলতানা। পরপর দুই ম্যাচে ফিফটি উপহার দিলেন তিনি। তার অপরাজিত ইনিংসে একশ ছাড়ানো সংগ্রহ পেল সিলেট বিভাগ। পরে বোলারদের নৈপুণ্যে তুলে নিল সহজ জয়।

সিলেট একাডেমি মাঠে খুলনা বিভাগের বিপক্ষে সিলেটের জয় ৪৮ রানে। ১১৩ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে তারা গুঁড়িয়ে দেয় ৬৫ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটের হয়ে ১২ চারে ৭২ রানের ইনিংস খেলেন শামীমা। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তারই হাতে। আগের ম্যাচে করেন ৬৯ রান।

রান তাড়ায় খুলনার দুই ব্যাটার যেতে পারেন দুই অঙ্কে। ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক করেন ১ ছক্কা ও ৩ চারে সর্বোচ্চ ২৬ রান।

সিলেটের হয়ে দারুণ বোলিংয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন আসরাফি ইয়াসমিন অর্থি ও ইসমত জাহান ইমু।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট বিভাগ: ২০ ওভারে ১১৩/২ (শামীমা ৭২*, ইসমত ১৩, দিপা ১১, ফাহিমা ১০*; শোহেলি ৩-০-২৩-০, সুরায়া ৩-০-১৫-০, শরিফা ৪-০-২৯-১, রুমানা ৪-০-১৫-০, ফাতেমা ৪-০-১৫-১, ফাহমিদা ২-০-১২-০)

খুলনা বিভাগ: ১৬ ওভারে ৬৫ (ঝিলিক ২৬, শোহেলি ১, ফাতেমা ২, রুমানা ০, শম্পা ০, তাজ ১৪, ফাহমিদা ৬, শরিফা ০, ফারজানা ৩*, সুরায়া ২, লেকি ১; মারুফা ৩-০-৭-১, লাবনি ৩-০-১৫-২, ফাহিমা ২-১-১৪-০, অর্থি ৪-০-১৯-৩, ইসমত ৪-০-১০-৩)

ফল: সিলেট বিভাগ ৪৮ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: শামীমা সুলতানা

জাহানারাদের হারিয়ে ফারজানার ফিফটি

আগের ম্যাচে ফিফটি করলেও দলকে জেতাতে পারেননি ফারজানা হক। এবার আরেকটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে ঢাকা বিভাগের জয়ের ভিতটা গড়ে দিলেন তিনি।

সিলেট একাডেমি মাঠে ময়মনসিংহ বিভাগের বিভাগের বিপক্ষে ২২ রানে জিতেছে ঢাকা। ১১৭ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় ৯৪ রানে।

টস জিতে ব্যাটিং নেওয়ার ঢাকার হয়ে ৮ চারে ৬৩ রানের ইনিংস খেলেন ফারজানা। আগের ম্যাচে তিনি করেছিলেন ৬৯ রান।

রিতু মনির ব্যাট থেকে আসে ৩ চারে ২৪ রান।

রান তাড়ায় ময়মনসিংহকে টানেন ওপেনার শারমিন সুলতানা। ৪ চারে ৪২ রান করে হয়ে যান রান আউট। বাকি ব্যাটারদের কেউ করতে পারেননি ২০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগ: ২০ ওভারে ১১৬/৪ (ফারজানা ৬৩*, লিপি ৯, সোভা ১, রিতু ২৪, পিংকি ৫, রূপা রয় ০*; জাহানারা ৪-০-২৬-১, সানজিদা ৪-০-১৯-০, শিখা ৪-০-২৭-০, বিথি ৪-০-১৫-২, আশা ৪-০-২৪-০)

ময়মনসিংহ বিভাগ: ২০ ওভারে ৯৪/৮ (সুমাইয়া ১৬, শারমিন ৪২, মিশু ৬, জাহানারা ১০, শিখা ১, দোলা ৫, বিথি ২, রোকাইয়া ২, সানজিদা ০*; হাসনাত ৩-১-৯-০, রূপা রয় ৩-০-১০-০, রূপা আবেদীন ২-০-১৮-০, রিতু ৪-০-১৫-১, পিংকি ৩-০-১৩-১, তানজিলা ৩-০-১৪-২, শানু ২-০-৯-১)

ফল: ঢাকা বিভাগ ২২ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: ফারজানা হক

অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল লতা

দলের বিপর্যয়ে ব্যাট হাতে অবদান রাখা লতা মণ্ডল পরে বোলিংয়েও মেলে ধরলেন নিজেকে। তার অলরাউন্ড পারফরম্যান্সে বরিশাল বিভাগকে হারিয়ে দিল রাজশাহী বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিগার সুলতানার দলের বিপক্ষে রাজশাহীর জয় ৯ রানে। ৭৬ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দেয় ৬৭ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। ২৩ রানে ৪ উইকেট হারানো দল এতদূর যায় মূলত লতার সৌজন্যে।

চার নম্বরে নেমে ৫ চারে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে ১২ রানে ২ উইকেট নিয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।

রান তাড়ায় বরিশালের হয়ে দুই অঙ্কে যেতে পারেন কেবল নিগার। দারুণ ছন্দে থাকা বাংলাদেশ অধিনায়কও এদিন খেলতে পারেননি বড় ইনিংস। স্রেফ করেন ১০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী বিভাগ: ২০ ওভারে ৭৬/৭ (সানজিদা ৮, অচেনা ১, আফিয়া ২, লতা ৪৪, আয়েশা ১, পুজা ৩, ফারজানা ১৪, ফেরদৌসি ২*; ফোয়ারা ৪-১-৯-২, দিশা ৩-০-১৩-০, ফাতেমা ৪-১-৭-১, রাবেয়া ৪-০-২১-০, লিলি ৪-০-১৯-২, সুলতানা ১-০-৭-০)

বরিশাল বিভাগ: ১৯.৫ ওভারে ৬৭ (দিশা ০, শারমিন সুপ্তা ৯, নিগার ১০, শারমিন আক্তার ২, সুলতানা ৯, মিষ্টি ৯, রাবেয়া ৯, ফাতেমা ১, লিলি ০, আতিকা ৩, ফোয়ারা ৬*; পান্না ৩-০-৭-১, পুজা ৩.৫-০-১১-১, লতা ৪-০-১২-২, ফেরদৌসি ৩-০-৮-১, আফিয়া ৪-০-১৬-৩, সানজিদা ২-০-১০-১)

ফল: রাজশাহী বিভাগ ৯ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: লতা মণ্ডল