১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাসেল আজকে পারেনি, পরের ম্যাচ জেতাবে’

সিলেটের বিপক্ষে শেষ দিকে ম্যাচ জেতাতে না পারলেও আন্দ্রে রাসেলের সামর্থ্যে আস্থার কমতি নেই কুমিল্লা অধিনায়ক লিটন কুমার দাসের।

‘রাসেল আজকে পারেনি, পরের ম্যাচ জেতাবে’

এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ আন্দ্রে রাসেল। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2024, 08:43 PM

Updated : 19 Feb 2024, 09:34 PM

‘শেষ দিকে কোনো কথাই হয়নি… যে পাবে, ছক্কা মারবে। পারেনি…’-, সংবাদ সম্মেলনে গম্ভীর মুখে বললেন লিটন কুমার দাস। প্রসঙ্গ যাকে ঘিরে, তার নাম আন্দ্রে রাসেল। বড় বড় ছক্কা আর টর্নেডো ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বজুড়ে যার আলাদা পরিচিতি। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সেই প্রত্যাশা মেটাতে পারেননি ক্যারিবিয়ান তারকা। তবে এক ম্যাচেই তার ওপর বিশ্বাস হারাচ্ছেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক। 

সিলেটের বিপক্ষে সোমবারের ম্যাচে রাসেল যখন ক্রিজে যান, ২০ বলে ৫১ রান প্রয়োজন কুমিল্লার। অন্য প্রান্তে আশি রান পেরিয়ে অপরাজিত লিটন। প্রায় পাঁচশ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এমন অবস্থা থেকে অনেক ম্যাচ জিতিয়েছেন রাসেল। আরও একবার তার ওপর ভরসা না করার কোনো কারণ ছিল না লিটনের।

কিন্তু এদিন পারেননি রাসেল। ১৪ বল খেলে তিনি করেন ২৩ রান। এমনিতে খুব খারাপ নয় এই ইনিংস। কিন্তু ম্যাচের দাবি ছিল তো আরও বেশি কিছু! ম্যাচের শেষ বলে ক্যাচ আউট হয়ে থামে তার ৩ চার ও ১ ছক্কার ইনিংস। কুমিল্লা হেরে যায় ১২ রানে। 

ইনিংসের ১৭ ওভার পর রাসেলের ওপরই বেশি নির্ভর করেন লিটন। ১৮ ও ১৯তম ওভারে তিন বল স্ট্রাইক পেয়ে প্রতিটিতেই এক রান নিয়ে তিনি স্ট্রাইক ছাড়েন ক্যারিবিয়ান তারকাকে। ওই দুই ওভারে ৯ বল খেলে ১৭ রান নেন রাসেল। 

পরে শেষ ওভারের প্রথম বলে বোল্ড হন ৮৫ রান করা লিটন। শেষ তিন বলে ১৭ রানের সমীকরণে স্ট্রাইক পান রাসেল। এই তিন বলে একটির বেশি বাউন্ডারি মারতে পারেননি তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে প্রশ্ন হলো, শেষ দিকে রাসেলকে না দিয়ে স্ট্রাইক নিজের কাছে রাখলেই ভালো হতো কি না। কুমিল্লা অধিনায়ক বললেন, রাসেলের সামর্থ্যেরে কারণেই তার ওপর আস্থা রেখেছিলেন তিনি।

“আমার বিশ্বাস ছিল, রাসেলই ওই ওভারে (অষ্টাদশ) ম্যাচ কাছাকাছি নিয়ে আসবে। (কিন্তু সে মারতে পারছিল না) হ্যাঁ, হয়নি… সব কিছু কী আপনি চাইলেই পাবেন! আমি যদি আউট হয়ে যেতাম…! হতেও তো পারতাম…।” 

“হারলে অনেক কিছু নেতিবাচক-ইতিবাচক থাকে। অধিনায়ক হিসেবে আমি বিশ্বাস করেছিলাম, যে আমার ক্রিকেটার (রাসেল) আমাকে ম্যাচ জেতাবে। পারেনি, পরের ম্যাচ জেতাবে।”

অবশ্য এই ম্যাচে হতাশ করেছেন কুমিল্লার অন্য দুই বিদেশি ব্যাটসম্যানও। চার নম্বরে নেমে অস্বস্তিপূর্ণ ব্যাটিংয়ে ১২ রান করতে ২১ বল খেলেন জনসন চার্লস। তার বিদায়ের পর ক্রিজে গিয়ে পাঁচ বল খেলে রানের খাতা খোলার আগেই ফেরেন মইন আলি। 

বিদেশিদের এই ব্যর্থতার মাঝেও ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন লিটন।

“অধিনায়ক হিসেবে আমি মনে করি, ভালোই হয়েছে। ক্রিকেটে প্রতিদিন আসবেন, জয় নিয়ে যাবেন... তখন আপনার শরীর এমনিই রিল্যাক্সড হয়ে যাবে। আমার মতে, এটা বাস্তবতার শিক্ষা দিয়েছে আমাদের।” 

“আপনার হাতে বড় ক্রিকেটার আছে, কিন্তু আপনি যদি সঠিক সময়ে পারফর্ম না করেন, তাহলে ম্যাচ জিততে পারবেন না। আজকেই তার প্রমাণ। আমার মনে হয়, আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব।”

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও উইকেট নিয়ে এক দফা অসন্তোষ প্রকাশ করেন লিটন। পরে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন আবার। উইকেট দিয়ে অবশ্য নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে আড়াল করার পক্ষে নন তিনি। 

“আমার মতে, ১৮০ রান তাড়ার জন্য উইকেটটা একটু কঠিন ছিল। এতটা সহজ উইকেট ছিল না, দুই রকমের গতি ছিল। তবু আমরা ভালো ব্যাটিং করেছি। তবে ১৬ থেকে ২০ ওভারের মধ্যে যদি আরও ১-২টা ছক্কা মারতে পারতাম... যে ধরনের ক্রিকেটার আমাদের আছে, তাদের সামর্থ্য আছে মারার।” 

“তবু হয়নি, এটাই ক্রিকেট। এটাই মানতে হবে। প্রতিদিন আসবেন আর জিতবেন হাসিমুখে, এটা হবে না। একদিন না এক দিন আপনাকে হারতে হবে। আজকে আমাদের দিন ছিল না। এখনও সুযোগ আছে। আমরা ঘুরে দাঁড়াব ভালোভাবে।”