১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আঁটসাঁট বোলিংয়ে ভারতের নায়ক বুমরাহ

পাকিস্তানের বিপক্ষে অনায়াস জয়ে বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচ সেরার পুরস্কার পেলেন জাসপ্রিত বুমরাহ।

আঁটসাঁট বোলিংয়ে ভারতের নায়ক বুমরাহ

শাদাব খানকে বোল্ড করে পাকিস্তানের বিপদ আরেকটু বাড়ালেন জাসপ্রিত বুমরাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 09:41 PM

Updated : 14 Oct 2023, 09:41 PM

নতুন বলে নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে রাখলেন ওপেনারদের। পরে মাঝের ওভারে ফিরে জোড়া আঘাতে খুলে দিলেন পাকিস্তানকে অলআউট করার দুয়ার। ফাস্ট বোলিংয়ের দারুণ প্রদর্শনীতে ভারতের অনায়াস জয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন জাসপ্রিত বুমরাহ। 

আহমেদাবাদে শনিবার পাকিস্তানকে ১১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের স্রেফ ১৯১ রানে অলআউট করে মঞ্চ সাজিয়ে দিয়েছেন বোলাররা। সম্মিলিত এই পারফরম্যান্সে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। এর সৌজন্যে পেয়েছেন বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচ সেরার স্বীকৃতি। 

দুই স্পেলে করা বোলিংয়ে ৭ ওভারে এক মেডেনসহ স্রেফ ১৯ রান খরচায় ২ উইকেট নেন বুমরাহ। এর আগে ২০১৯ সালের আসরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। সেদিন ৩৯ রানের নেন ২ উইকেট। 

টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুর স্পেলে ইমাম-উল-হাক, আব্দুল্লাহ শাফিককে সহজে রান করতে দেননি বুমরাহ। চার ওভারের ওই স্পেলে এক মেডেনসহ স্রেফ ১৪ রান দেন ২৯ বছর বয়সী পেসার। 

পরে ৩৪তম ওভারে আক্রমণে আনা হয় তাকে। ওভারের শেষ বলে তিনি আউট করেন উইকেটে থিতু হয়ে মোহাম্মদ রিজওয়ানকে। গুড লেংথে করা স্লোয়ার অফ কাটার ডেলিভারি বুঝতেই পারেননি পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান।

পরের ওভারের শাদাব খানকেও বোল্ড করেন বুমরাহ। তার গতিময় ডেলিভারির লাইনেই যেতে পারেননি শাদাব। অফ স্টাম্পের লেংথ ডেলিভারি হালকা ভেতরে ঢুকে চুমু দেয় অফ স্টাম্পের বেলে।

ওয়ানডেতে এ নিয়ে পঞ্চমবার ম্যাচ সেরা হলেন বুমরাহ। সবশেষ গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়ে এই স্বীকৃতি পান তিনি।