Published : 09 Oct 2023, 05:41 PM
নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে অল্পেই আটকে রাখা, পরে ব্যাটিং বিপর্যয় সামলে পাওয়া জয়ে ম্যাচ শেষ করা। বিশ্বকাপে ভারতের শুরুটা হয়েছে ইতিবাচক। ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করা রবীন্দ্র জাদেজার মতে, কোনো বিভাগেই দুর্বলতা নেই তাদের।
চেন্নাইয়ে রোববার নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ভারত। প্রতিপক্ষকে ১৯৯ রানে বেঁধে রাখতে স্রেফ ২৮ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার জাদেজা। পরে ২ রানে ৩ উইকেট হারালেও ভিরাট কোহলি, লোকেশ রাহুলের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ম্যাচ জেতে স্বাগতিকরা।
ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে দারুণ এই জয়ে বড় অবদান রাখতে পেরে খুশি জাদেজা। ম্যাচ শেষে আইসিসি রিভিউয়ে নিজের পারফরম্যান্সের পাশাপাশি দল নিয়েও উচ্চাশার কথা জানান তিনি।
“এটি (বোলিং পারফরম্যান্স) আমার জন্য বিশেষ কিছু। যেহেতু ভারতে এটিই আমার প্রথম বিশ্বকাপ। সমর্থকরা দারুণ রোমাঞ্চিত, কারণ আমাদের দল সব দিক দিয়ে ভারসাম্যপূর্ণ। এমন কোনো নির্দিষ্ট জায়গা নেই যেখানে আমাদের দুর্বলতা আছে।”
এমএ চিদম্বরম স্টেডিয়ামে রোববারের ম্যাচে উপস্থিত ছিল ৩০ হাজারের বেশি দর্শক। টুর্নামেন্টের সামনের দিনগুলোতে এই সংখ্যা ক্রমান্বয়ের বৃদ্ধি পাওয়ার আশা স্বাগতিকদের। দর্শকদের থেকে পাওয়া সমর্থনে কৃতজ্ঞতা জানান জাদেজা।
“ভারতীয় দর্শকদের শক্তি, তাদের আত্মবিশ্বাস এবং আমাদের ওপর অটল বিশ্বাস খুবই উঁচুতে। আমরা যখনই ভারতের মাঠে খেলি, যে কোনো সিরিজে তারা দলে দলে মাঠে আসে। যে কারণে পুরো গ্যালারি ভরা থাকে।”
“ভারতীয় সমর্থকদের সামনে বিশ্বকাপ খেলা আমার কাছে খুবই রোমাঞ্চকর মনে হয়। আশা করি, আমরা ভালো পারফর্ম করে ফাইনালে যাব এবং বিশ্বকাপ জিতব।”