দুর্দান্ত সেঞ্চুরিতে নায়ক রবীন্দ্র
খরুচে বোলিংয়ের পর বিস্ফোরক ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন নিউ জিল্যান্ডের এই বাঁহাতি অলরাউন্ডার।
মাঝ বিরতিতে এমন কিছু ভাবা খুব কঠিন ছিল। বাঁহাতি স্পিনে ১০ ওভারে ৭৬ রান দিয়ে কেবল ১ উইকেট নিয়েছিলেন রাচিন রবীন্দ্র। বিস্ময়ে ভাসিয়ে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে তিনিই। বিস্ফোরক সেঞ্চুরিতে কেড়ে নিলেন আলো। ক্যারিয়ারে প্রথমবার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
আহমেদাবাদে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী দিনে গত আসরের দুই ফাইনালিস্টের লড়াইয়ে ৯ উইকেটে জিতেছে নিউ জিল্যান্ড। শিরোপাধারী ইংল্যান্ডের ২৮২ রান তারা পেরিয়ে গেছে ৮২ বল বাকি থাকতে।
সাদামাটা বোলিংয়ের পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রবীন্দ্র। ৯৬ বলে পাঁচ ছক্কা ও ১১ চারে খেলেছেন অপরাজিত ১২৩ রানের দুর্দান্ত ইনিংস।
লকি ফার্গুসন ছিটকে না গেলে একাদশে সেভাবে বিবেচনায় নাও আসতে পারতেন রবীন্দ্র। কেন উইলিয়ামসন খেললে হয়তো তিনে নামার সুযোগও পেতেন না এই বাঁহাতি অলরাউন্ডার। সেই সুযোগ পেয়ে কী দারুণভাবেই না কাজে লাগালেন ২৩ বছর বয়সী এই তরুণ।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৭২ বলে খেলেছিলেন ৯৭ রানের ঝড়ো এক ইনিংস। বিশ্ব মঞ্চে অভিষেকেও সেই ঝড়ই দেখা গেল তার ব্যাটে। সেখানে পাত্তা পেলেন না কোনো বোলার। তাই ইংল্যান্ডের প্রায় তিনশ ছুঁইছুঁই সংগ্রহও হয়ে গেল মামুলী।
৩৬ বলে পঞ্চাশ স্পর্শ করেন রবীন্দ্র, পরে গতি কিছুটা কমিয়ে ৮২ বলে পৌঁছান তিন অঙ্কে। ৩৭তম ওভারে সিঙ্গেল নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনিই।
