Published : 26 Oct 2023, 04:36 PM
গুড লেংথে স্টাম্পের ওপর ডেলিভারি থার্ড ম্যানের দিকে খেলতে চাইলেন দাভিদ মালান। কিন্তু জায়গা পেলেন না তেমন। ব্যাট ছুঁয়ে বল জমা পড়ল উইকেটরক্ষকের গ্লাভসে। জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হতেই উল্লাসে মাতলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
ওয়ানডেতে প্রায় ৪৪ মাস পর বোলিংয়ে এসে তৃতীয় বলেই তিনি পেলেন উইকেটের দেখা। বেঙ্গালোরে টস হেরে ফিল্ডিংয়ে নেমে ম্যাথিউসের আঘাতেই ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙে শ্রীলঙ্কা।
অথচ বিশ্বকাপে খেলারই কথা ছিল না ম্যাথিউসের। প্রথমে ‘আকস্মিক পরিস্থিতি’ সামাল দিতে তাকে রিজার্ভ হিসেবে দেশ থেকে উড়িয়ে আনে শ্রীলঙ্কা। পরে মাথিশা পাথিরানার চোটে তাকে নেয় স্কোয়াডে। এরপর চলে এলেন একাদশেও, সবশেষ খেলার প্রায় ৪ মাস পর।
সবশেষ ২০২০ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং করেন ম্যাথিউস। সেদিন ৫৯ রানে নেন ৪ উইকেট। এরপর খেলা চার ম্যাচের একটিতেও বল হাতে পাননি ৱশ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক।
বিশ্বকাপের মঞ্চে ফিরে সপ্তম ওভারে আক্রমণে আনা হয় ম্যাথিউসকে। প্রথম দুই বলে ১ রান দেন তিনি। তৃতীয় বলটি ক্রস সিমে স্টাম্পের ওপর রেখে গুড লেংথে করেন তিনি। এতেই পরাস্ত মালান।
তবে প্রথমে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিতে এক মুহূর্ত দেরি করেননি অধিনায়ক ও কিপার কুসাল মেন্ডিস। টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান মাঠের আম্পায়ার। ম্যাথিউস পান বড় সাফল্য।
ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপেও এমন ঘটনার জন্ম দেন ম্যাথিউস। প্রায় ১৪ ম্যাচ পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম বল হাতে নেন তিনি। ম্যাচের ৪৮তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই তিনি ফেরান ১১৮ রান করা নিকোলাস পুরানকে।
অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি কভারের ওপর দিয়ে বড় শটের চেষ্টায় পুরানের ব্যাটের বাইরের কানায় লাগে। উইকেটের পেছনে ক্যাচ নিতে কোনো ভুল করেননি কুসাল পেরেরা। সেঞ্চুরিয়ানকে ফিরিয়ে পরে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।