২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ফিরছেন থিকশানা

এই ম্যাচে খেলার জন্য ২৩ বছর বয়সী অফ স্পিনার প্রস্তুত বলে জানিয়েছেন শ্রীলঙ্কার সহকারী কোচ।

পাকিস্তানের বিপক্ষে ফিরছেন থিকশানা
মাহিশ থিকশানা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 09:24 PM

Updated : 09 Oct 2023, 09:24 PM

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কার জন্য সুখবর। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছেন অফ স্পিনার মাহিশ থিকশানা। 

গত মাসে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে চোট পান থিকশানা। বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে পারেননি। লঙ্কানরা ম্যাচটি হেরে যায় ১০২ রানে। 

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে হায়দরাবাদে মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আগের দিন দলের সহকারী কোচ নাভিদ নাওয়াজ বলেন, এই ম্যাচে খেলার জন্য থিকশানা প্রস্তত।

“আমি মনে করি এই ম্যাচে তাকে পাওয়া যাবে। অবশ্যই প্রথম ম্যাচে তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাইনি এবং চিকিত্সকের পরামর্শের বিরুদ্ধে যেতে চাইনি।”

প্রথম ম্যাচে বোলিংয়ে খুব বাজে একটি দিন কাটে শ্রীলঙ্কার। বিশ্বকাপ ইতিহাসের দলীয় সর্বোচ্চ ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা।

থিকশানার ফেরাটা তাই শ্রীলঙ্কার জন্য বড় স্বস্তির। চোটের কারণে তারা বিশ্বকাপে পাচ্ছে না ফাস্ট বোলার দুশমান্থ চামিরা ও লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।