০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্লসেন ও ইয়ানসেনের বিধ্বংসী ইনিংস, জুটির রেকর্ড

ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো দল হিসেবে সর্বোচ্চ ৩৯৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

ক্লসেন ও ইয়ানসেনের বিধ্বংসী ইনিংস, জুটির রেকর্ড

ষষ্ঠ উইকেটে ৭৭ বলে ১৫১ রানের বিস্ফোরক জুটি উপহার দেন হাইনরিখ ক্লসেন (বাঁয়ে) ও মার্কো ইয়ানসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 07:17 PM

Updated : 25 Oct 2023, 04:00 PM

ইয়র্কারের চেষ্টায় গড়বড় করে ফেললেন মার্ক উড, নিচু ফুল টস পেয়ে লং-অনের ওপর দিয়ে ৮৫ মিটার ছক্কায় ওড়ালেন হাইনরিখ ক্লসেন। পরের বল আবার ফুল টস পেয়ে ফাইন লেগ দিয়ে চার। ৯০ থেকে পরপর ছক্কা ও চারে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত তিন অঙ্কে। মেতে উঠলেন বুনো উল্লাসে। কঠিন কন্ডিশনে, বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি বলে কথা!

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে শনিবার স্রেফ ৬১ বলে শতক স্পর্শ করেন ক্লসেন। পাঁচ নম্বরে নেমে খেলেন ৬৭ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৯ রানের বিধ্বংসী ইনিংস। বিশ্বকাপে তার প্রথম ও ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি এটি।

সাতে নেমে মাত্র ৪২ বলে অপরাজিত ৭৫ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন মার্কো ইয়ানসেন। তার প্রথম ওয়ানডে ফিফটির ইনিংসটি গড়া ৬ ছক্কা ও ৩ চারে।

এই দুজনে ষষ্ঠ উইকেটে গড়েন ৭৭ বলে ১৫১ রানের বিস্ফোরক জুটি। ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে কিংবা এর নিচে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের জুটি এটি। ২০০৬ সালে কেপ টাউনে ভারতের বিপক্ষে অষ্টম উইকেটে জাস্টিন কেম্প ও অ্যান্ড্রু হলের অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটি ছিল আগের সেরা।

ম্যাচের দ্বিতীয় বলে কুইন্টন ডি কককে হারানোর পর এ দিন ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ এটিই। ২০১৫ সালে ওভালে নিউ জিল্যান্ডের ৫ উইকেটে ৩৯৮ ছিল আগের সর্বোচ্চ।

মুম্বাইয়ে এ দিন প্রচণ্ড গরমের মধ্যে ব্যাটিং করতে হয় প্রোটিয়াদের। শুরুতে ডি কককে হারানোর পর দ্বিতীয় উইকেটে ১২৪ রানের জুটিতে দলকে টানেন রাসি ফন ডার ডাসেন ও রিজা হেনড্রিকস।

২৬তম ওভারে হেনড্রিকস (৭৫ বলে ৮৫) ফেরার পর উইকেটে যান ক্লসেন। একটা সময় পায়ে ক্র্যাম্পের সঙ্গে লড়াই করেছেন, শরীরও হাল ছেড়ে দিয়েছে, কিন্তু তিনি নিজে হাল ছাড়েননি।

৩২ বছর বয়সী ব্যাটসম্যান ফিফটি করেন ৪০ বলে। পরের পঞ্চাশ করতে লাগে স্রেফ ২১ বল। শেষ ওভারে থামে তার দুর্দান্ত ইনিংসটি। ততক্ষণে তার দল পৌঁছে যায় চারশর কাছে।