১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাচদের রূপকথার জয়ে নায়ক এডওয়ার্ডস

দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন এই কিপার-ব‍্যাটসম‍্যান।

ডাচদের রূপকথার জয়ে নায়ক এডওয়ার্ডস

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় জয়ে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা স্কট এডওয়ার্ডস। ছবি: আইসিসির এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 12:03 AM

Updated : 18 Oct 2023, 10:13 AM

স্কট এডওয়ার্ডস যখন ক্রিজে যান, তখন ২১তম ওভারে ৮২ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছে নেদারল‍্যান্ডস। পাল্টা আক্রমণে সেখান থেকে দলকে আড়াইশ রানের কাছে নিয়ে গেলেন এই কিপার-ব‍্যাটসম‍্যান। দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বপ্নের জয়ে নেতৃত্ব দিয়ে জিতলেন ম‍্যাচ সেরার পুরস্কার। 

ধারামশালায় মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত ম‍্যাচে ৩৮ রানে জিতেছে নেদারল‍্যান্ডস। চলতি বিশ্বকাপে এটি তাদের প্রথম এবং সব মিলিয়ে বৈশ্বিক এই টুর্নামেন্টে তৃতীয় জয়।

বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল‍্যান্ডের মতো টেস্ট খেলুড়ে দেশকে পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েই চমকে দিয়েছিল নেদারল‍্যান্ডস। এবার দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে আরেক দফা নাড়িয়ে দিল তারা। ৬৯ বলে এক ছক্কা ও ১০ চারে অপরাজিত ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এডওয়ার্ডস।

বৃষ্টিতে ম‍্যাচের দৈর্ঘ‍্য নেমে আসে ৪৩ ওভারে। দক্ষিণ আফ্রিকার পেসারদের ছোবলে শুরুতে মোটেও সুবিধা করতে পারছিল না নেদারল‍্যান্ডস। ২৭তম ওভারে ১১২ রান তুলতেই হারিয়ে ফেলে প্রথম ৬ ব‍্যাটসম‍্যানকে।

এরপর লোয়ার অর্ডার ব‍্যাটসম‍্যানদের নিয়ে শুরু হয় অধিনায়ক এডওয়ার্ডসের লড়াই। ৫৩ বলে স্পর্শ করেন পঞ্চাশ। পরে রানের গতি বাড়ান আরও। বিশ্বকাপে সাত বা এর নিচে নেমে এডওয়ার্ডসের ৭৮ রানের চেয়ে বড় ইনিংস রয়েছে কেবল তিনটি।

অধিনায়ককে দারুণ সঙ্গ দেওয়া রুলফ ফন ডার মেরওয়া, আরিয়ান দত্তের ক্যামিওর সৌজন্যে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করে নেদারল্যান্ডস।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডাচদের বিপক্ষে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা লক্ষ্য তাগায় নিদারুণ ব‍্যাটিং ব‍্যর্থতায় থমকে যায় ২০৭ রানে। উইকেটের পেছনে তিনটি ক‍্যাচ নিয়ে ফিল্ডিংয়েও অবদান রাখেন এডওয়ার্ডস।

স্বপ্নের মতো কাটানো দিনে ক‍্যারিয়ারে দ্বিতীয়বার তিনি জেতেন ম‍্যাচ সেরার পুরস্কার; গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ফিফটি করে জেতেন প্রথমবার।