০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ক্যান্সার জয় করা ম্যাডিসনকে টেস্ট দলে ফেরাল অস্ট্রেলিয়া

ভারত সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করা কিপার-ব্যাটসম্যান স্যাম হার্পারও দক্ষিণ আফ্রিকা সফরের দলে ডাক পেয়েছেন।

ক্যান্সার জয় করা ম্যাডিসনকে টেস্ট দলে ফেরাল অস্ট্রেলিয়া

নিক ম্যাডিসন। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 10:52 PM

Updated : 01 Oct 2026, 10:58 PM

দীর্ঘ প্রায় এক দশক পর টেস্ট খেলার হাতছানি নিক ম্যাডিসনের সামনে। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জেতা এই ওপেনারকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা কিপার-ব্যাটসম্যান স্যাম হার্পার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় ক্যামেরন গ্রিনের তলপেটে বল আঘাত করে। তখনই মাঠে শুয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে পরের বল ছক্কায় ওড়ান গ্রিন। কিন্তু তার চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। পরের বলে কট বিহাইন্ড হয়ে বিদায় নেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে গ্রিনের খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা। আর ডারবানে অনুষ্ঠেয় ম্যাচটি থেকে আনুষ্ঠানিকভাবেই ছিটকে গেছেন জশ ইংলিস। প্রথম ওয়ানডেতে ডান হাতের তর্জনীতে চোট পান এই কিপার-ব্যাটসম্যান।

কাভার হিসেবেই মূলত ম্যাডিসন ও হার্পারকে দলে যোগ করেছে অস্ট্রেলিয়া। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন বাঁহাতি ম্যাডিসন। সবশেষটি পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে। ছয়টি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।

গত বছরের মাঝামাঝিতে ম্যাডিসনের টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ে। অস্ত্রোপচার করানোর পাশাপাশি ৯ সপ্তাহ কেমোথেরাপি নেন তিনি। চিকিৎসা শেষে বিগ ব্যাশ দিয়ে মাঠে ফেরেন এই ক্রিকেটার।

ক্যান্সার জয়ের পর এখনও কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি ম্যাডিসন। গত মাসে তাকে শেফিল্ড শিল্ডের জন্য অধিনায়ক করে নিউ সাউথ ওয়েলস। আগামী সপ্তাহে শুরু হবে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট।

প্রথম শ্রেণিতে ১২৯ ম্যাচ খেলে ৩৭.১১ গড়ে সাত হাজার ৮৩২ রান করেছেন ম্যাডিসন। তার নামের পাশে ১৮টি সেঞ্চুরির সঙ্গে ৩৬টি ফিফটি রয়েছে।

নিজের সবশেষ ম্যাচে অবশ্য বড় রান পেয়েছেন ম্যাডিসন। গত সপ্তাহে ওয়ানডে কাপে ১২৬ রানের একটি ইনিংস খেলেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০৭ ম্যাচে করেছেন তিন হাজার ৩২৭ রান।

গত সেপ্টেম্বরে ভারত সফরে দ্বিতীয় চার দিনের ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে একটি সেঞ্চুরি করেন হার্পার। প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ আট ইনিংসে তিনটি সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে।

প্রথম শ্রেণিতে ৬৮ ম্যাচে ২৭.২০ গড়ে দুই হাজার ৮০২ রান করেছেন হার্পার। পাঁচটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি ১০টি। অস্ট্রেলিয়া দলে আছেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারি। তাই হার্পারের অভিষেকের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে।

দক্ষিণ আফ্রিকায় তৃতীয় ওয়ানডেতে কব্জিতে চোট পান ম্যাট রেনশ। তবে তাকে নিয়ে তেমন কোনো শঙ্কা নেই।

টেস্ট সিরিজ শুরুর আগে আগামী শনি ও রোববার দুই দিনের একটি গা গরমের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।