দ. আফ্রিকার টি-টোয়েন্টি লিগের নিলাম ১৯ সেপ্টেম্বর
টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে ‘এসএ২০’।
দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগের নাম ও নিলামের তারিখ চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে ‘এসএ২০’। উদ্বোধনী আসরের জন্য খেলোয়াড়দের নিলাম হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই টুর্নামেন্টের ছয় ফ্র্যাঞ্চাইজিই আইপিএল মালিকদের মালিকানাধীন। ‘মার্কি’ তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে থেকে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে দুই থেকে পাঁচ জন করে খেলোয়াড় সরাসরি দলে টেনেছে। যেখানে আছেন ওয়েন মর্গ্যান, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, রশিদ খানের মতো বড় নাম।
প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ১৭ জনের স্কোয়াড গড়তে পারবে। এর মধ্যে সাত জন থাকবে বিদেশি এবং ১০ জন দক্ষিণ আফ্রিকান।
লিগ কর্তৃপক্ষ বুধবার বিবৃতিতে জানায়, একাদশে সর্বোচ্চ চার জন বিদেশি খেলোয়াড় খেলানো যাবে। যেমনটা হয় আইপিএলে।
আয়োজকরা বর্তমানে খেলোয়াড় নিবন্ধনের কাজ করছে এবং নিলামের আগে খেলোয়াড়দের একটি সংক্ষিপ্ত তালিকা ফ্র্যাঞ্চাইজিদের দেওয়া হবে।
দক্ষিণ আফ্রিকার এই টুর্নামেন্ট চলাকালীন সময়েই হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, সংযুক্ত আরব আমিরাতের নতুন টি-টোয়েন্টি লিগ ও বাংলাদেশের বিপিএল। তা সত্ত্বেও স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান টুর্নামেন্টটির কমিশনার ও সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ।
