২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চমৎকার ব‍্যাটিংয়ে গিলের দশম সেঞ্চুরি

সপ্তম ম‍্যাচে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক।

চমৎকার ব‍্যাটিংয়ে গিলের দশম সেঞ্চুরি

সেঞ্চুরির পর শুবমান গিল। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 09:39 PM

Updated : 27 Sep 2026, 09:39 PM

জেডেন সিলসের বলে বাউন্ডারি মেরে তিন অঙ্ক স্পর্শ করলেন শুবমান গিল। শেষ হলো একটি অপেক্ষার। সপ্তম ম‍্যাচে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া পেলেন ভারত অধিনায়ক।

ক‍্যারিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রান তাড়ায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন গিল। রোহিত শার্মার সঙ্গে উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেওয়ার পর ভিরাট কোহলির সঙ্গে দুর্দান্ত জুটিতে দলকে নিয়ে যাচ্ছেন জয়ের দুয়ারে।

৯৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেছেন গিল। ৬৭ ইনিংসে ওয়ানডেতে এটি তার দশম সেঞ্চুরি।

একাধিক ইনিংস খেলেছেন এমন কেবল দুটি দেশের বিপক্ষে সেঞ্চুরি নেই গিলের। নিউ জিল‍্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে চারটি করে ম‍্যাচ খেলেছেন তিনি। কিউইদের বিপক্ষে তার সর্বোচ্চ ৫৮, পাকিস্তানের বিপক্ষে ৪৯।

ওয়ানডেতে দারুণ সফল ব‍্যাটসম‍্যানদের একজন গিল। এই সংস্করণে তার গড় ৬০ এর বেশি। সবশেষ ছয় ইনিংসে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, পঞ্চম পঞ্চাশ ছোঁয়া রান।

থিরুভানান্থাপুরামে রোববার ৭ উইকেটে ২৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে আউট হওয়ার আগে ১০৮ বলে এক ছয় ও ১৩ চারে ১১০ রানের চমৎকার ইনিংস খেলেন গিল।

এই ম‍্যাচে তার খেলা নিয়েই শঙ্কা ছিল। অনুশীলনের সময় বল লেগেছিল কনুইয়ে। সেখানে ব‍্যান্ডেজ লাগিয়ে খেলতে নেমে দলকে রেখে গেলেন জয়ের পথে।