১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেকর্ড গড়া সেঞ্চুরিতে অ্যালেনের ‘প্রথম’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ ম্যাচ খেলে প্রথমবার ‘ম্যান অব দা ম্যাচ’ হলেন নিউ জিল্যান্ড ওপেনার।

রেকর্ড গড়া সেঞ্চুরিতে অ্যালেনের ‘প্রথম’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ ম্যাচ খেলে প্রথমবার ম্যাচ সেরা ফিন অ্যালেন। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 12:40 AM

Updated : 26 Aug 2026, 03:05 PM

নিউ জিল্যান্ডের জিততে তখন প্রয়োজন ২১ রান। সেঞ্চুরি করতে ফিন অ্যালেনের চাই ২৪। মার্কো ইয়ানসেনের পাঁচ বলে তিনটি চার ও দুটি ছক্কায় দুই সমীকরণই মিলিয়ে ফেললেন কিউই ওপেনার। রেকর্ড ইনিংসে দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন তিনি।

কলকাতায় বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেয় নিউ জিল্যান্ড। ১৭০ রানের লক্ষ্য ৪৩ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতে যায় তারা।

কিউইদের এমন দাপুটে জয়ের কারিগর অ্যালেন। আটটি ছক্কা ও ১০টি চারে ৩৩ বলে ঠিক ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ৪৭ বলের শতক ছিল আগের রেকর্ড।

এই পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতলেন অ্যালেন। বিশ ওভারের বৈশ্বিক আসরে ১৭ ম্যাচে এসে তার হাতে ধরা দিল এই স্বীকৃতি।

সব মিলিয়ে, নিউ জিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সপ্তমবার ‘ম্যান অব দা ম্যাচ’ হলেন অ্যালেন। দেশটির হয়ে এই সংস্করণে তারা চেয়ে বেশিবার ম্যাচ সেরা হয়েছেন কেবল দুইজন-গ্লেন ফিলিপস ৯ বার আর মার্টিন গাপটিল ১০ বার।

এটি তার সেরা পারফরম্যান্স কিনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে অ্যালেন বলেন, “হ্যাঁ। আমি বলব, এটা অবশ্যই সেই তালিকায় উপরের দিকেই থাকবে। আমি স্রেফ ভালো অবস্থায় থাকতে চেয়েছি এবং দলের জন্য ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছি।”

ইনিংস শুরু করতে নেমে এদিন মুখোমুখি প্রথম বলে চার মেরে রানের খাতা খোলেন অ্যালেন। পরে মার্কো ইয়ানসেনকে ছক্কায় ওড়ান তিনি। লুঙ্গি এনগিডিকে ছক্কার পর কর্বিন বশের ওপর তাণ্ডব চালান ডানহাতি ব্যাটসম্যান; ওভারের প্রথম বলে ছক্কার পর মারেন টানা চারটি চার।

বিস্ফোরক ব্যাটিংয়ে ১৯ বলে ফিফটি স্পর্শ করেন অ্যালেন। ফিফটি ছোঁয়ার ওভারেই কেশাভ মহারাজকে ছক্কা হাঁকান তিনি। অভিজ্ঞ স্পিনারকে পরে একটি করে চার ও ছক্কা মারেন অ্যালেন।

ত্রয়োদশ ওভারের খেলা শুরুর আগে অ্যালেনের রান ছিল ২৮ বলে ৭৬। ওই ওভারে ইয়ানসেনের ওপর ঝড় বইয়ে দিয়ে সেঞ্চুরি ছোঁয়ার পাশাপাশি দলকেও জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এনিয়ে তৃতীয় সেঞ্চুরি করলেন অ্যালেন। নিউ জিল্যান্ডের হয়ে এই সংস্করণে তার চেয়ে বেশি সেঞ্চুরি নেই কারো। সমান তিনটি সেঞ্চুরি করেছেন কলিন মানরো।

আর স্বীকৃত টি-টোয়েন্টিতে সব মিলিয়ে অ্যালেনের সেঞ্চুরি হলো ছয়টি।

অ্যালেনের টর্নেডো ইনিংসে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল নিউ জিল্যান্ড। শিরোপা নির্ধারণী লড়াইয়ে আগামী রোববার আহমেদাবাদে ভারত কিংবা নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে কিউইরা।

বিশ্বকাপে জুটির রেকর্ড সাইফার্ট-অ্যালেনের

অ্যালেনের বিস্ফোরক শতকে দ. আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউ জিল্যান্ড

চার-ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অ্যালেন