১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কা ম‍্যাচ এখনও পোড়াচ্ছে জ‍্যাম্পাকে

বিশ্বকাপ থেকে এত দ্রুত ফিরে যেতে হচ্ছে, মানতেই পারছেন না অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার।

শ্রীলঙ্কা ম‍্যাচ এখনও পোড়াচ্ছে জ‍্যাম্পাকে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয়বার ম্যাচ সেরা হলেন অ‍্যাডাম জ‍্যাম্পা। ছবি: আইসিসি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 12:27 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

অঘটন যা ঘটার, আগেই ঘটে গেছে। তাই শেষটা দাপুটে জয়ে হলেও, সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না অ‍্যাডাম জ‍্যাম্পা। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই অস্ট্রেলিয়ার শিরোপা পুনরুদ্ধার অভিযানের সমাপ্তি মানতেই পারছেন না অভিজ্ঞ লেগ স্পিনার।   

ওমানকে উড়িয়ে আসর শেষ করেছে অস্ট্রেলিয়া। আইসিসির সহযোগী দেশটির ১০৪ রান তারা পেরিয়ে গেছে ৯ উইকেট ও ৬২ বল হাতে রেখে। 

২১ রানে ৪ উইকেট নিয়ে এতে বড় ভূমিকা রেখেছেন জ‍্যাম্পা। নিজের সেরাটা যেন বিশ্বকাপের জন‍্যই রেখে দেন তিনি। টি-টোয়েন্টিতে এই নিয়ে ৯ বার ম‍্যাচ-সেরার পুরস্কার জিতলেন এই স্পিনার, ছয়বারই বিশ্বকাপে।

বিশ্বকাপে জ্যাম্পার চেয়ে বেশিবার ম্যাচ-সেরা হয়েছেন কেবল একজন, আটবার হয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট ভিরাট কোহলি। 

ওমানের বিপক্ষে চমৎকার বোলিংয়ে ৪ উইকেট নেওয়ার পর জ‍্যাম্পার আক্ষেপ বেড়েছে আরও। ম‍্যাচ শেষে পুরস্কার নেওয়ার পর বলেছেন, এখনও শ্রীলঙ্কার বিপক্ষে ম‍্যাচের বোলিং পোড়াচ্ছে তাকে।

“পেছন ফিরে তাকালে, শ্রীলঙ্কার বিপক্ষে আরও ভালো করতে পারতাম। আমি যেমন চেয়েছিলাম, সেই ম‍্যাচে তেমন অবদান রাখতে পারিনি। আমার কাজ মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়া। দুটি ম‍্যাচে পেরেছি, বাকিগুলোতে পারিনি।” 

“দুর্ভাগ‍্যজনক, যখন প্রয়োজন ছিল, তখন আমরা কাজটা করতে পারিনি। আপনি সবসময়ই উইকেট নিতে চাইবেন। খুবই হতাশ, আগামীকাল আমি দেশে ফিরে যেতে প্রস্তুত নই।”

আসরে নিজেদের প্রথম ও শেষ ম্যাচটা জিততে পারল অস্ট্রেলিয়া। মাঝের দুই ম্যাচে তারা হেরে যায় জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে।

বিশ্বকাপে টানা ১০ হারে বাংলাদেশের পাশে ওমান

সাকিবকে ছাড়িয়ে, সাকিবের পেছনে জ‍্যাম্পা

জ্যাম্পার ৪ উইকেটের পর মার্শের ঝড়ে বড় জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার