১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে টানা ১০ হারে বাংলাদেশের পাশে ওমান

অনাকাঙ্ক্ষিত রেকর্ডে অবশেষে সঙ্গী পেল বাংলাদেশ।

বিশ্বকাপে টানা ১০ হারে বাংলাদেশের পাশে ওমান
আরও একটি বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ হেরে গেল ওমান। ছবি: ওমান ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 02:50 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়াকে হারানোর হুঙ্কার ছুড়লেও, আদতে পাত্তাই পায়নি ওমান। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা হেরে গেছে আরও একটি ম্যাচ। তাতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে সঙ্গী পেয়েছে বাংলাদেশ।

পাল্লেকেলেতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রানে গুটিয়ে যাওয়া ওমান ম্যাচ হারে ৯ উইকেটে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে টানা ১০ ম্যাচ হারল আইসিসির সহযোগী দেশটি। বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড এটি। এতদিন রেকর্ডটি ছিল শুধু বাংলাদেশের।

মজার ব্যাপার হলো, ওমানের এই রেকর্ড যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরেই!

২০২১ আসরে প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ের পর, বাংলাদেশ ও স্কটল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ওমান। ২০২২ সালের আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। 

২০২৪ আসরে ফিরে চার ম্যাচের সবকটিতে হার সঙ্গী হয় ওমানের। একই অভিজ্ঞতা হলো তাদের এবারের আসরেও। 

এবার চার ম্যাচেই ওমান বড় ব্যবধানে হেরেছে যথাক্রমে জিম্বাবুয়ে (৮ উইকেটে), শ্রীলঙ্কা (১০৫ রানে), আয়ারল্যান্ড (৯৬ রানে) ও অস্ট্রেলিয়ার বিপক্ষে (৯ উইকেটে)।

বিশ্বকাপে সব মিলিয়ে ১৪ ম্যাচ খেলে ওমানের জয় দুটি।

বাংলাদেশের টানা হারের রেকর্ড যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে উদ্বোধনী আসর থেকে। সেবার প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে ও সুপার এইটে তিন ম্যাচের সবকটিতে হারের তেতো স্বাদ পায় তারা।

২০০৯, ২০১০ ও ২০১২ সালে পরবর্তী তিন আসর মিলিয়ে ছয় ম্যাচের সবগুলোতে হেরে প্রতিবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। 

অবশেষে ঘরের মাঠে ২০১৪ আসরে প্রথম ম্যাচে মিরপুরে আফগানিস্তানকে হারিয়ে, টানা ১০ হারের বৃত্ত ভেঙে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

বিশ্বকাপে টানা হারের তালিকায় বাংলাদেশ ও ওমানের পরে আছে নামিবিয়া, আয়ারল্যান্ড ও পাপুয়া নিউ গিনি; এই তিন দলই হেরেছে টানা সাত ম্যাচ করে।

সাকিবকে ছাড়িয়ে, সাকিবের পেছনে জ‍্যাম্পা

শ্রীলঙ্কা ম‍্যাচ এখনও পোড়াচ্ছে জ‍্যাম্পাকে

জ্যাম্পার ৪ উইকেটের পর মার্শের ঝড়ে বড় জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার