‘আভিশেক আর যা-ই হোক, স্লগার নয়’, আমিরকে জবাব অশ্বিনের
‘আভিশেক শার্মার ব্যাট সুইং ইউভরাজ সিংয়ের চেয়েও ভালো’, বললেন ভারতের স্পিন গ্রেট রাভিচান্দ্রান অশ্বিন।
অবশেষে কিছুটা ঝলসে উঠেছে আভিশেক শার্মার ব্যাট। স্বাদ পেয়েছেন তিনি বিশ্বমঞ্চে প্রথম ফিফটির। এই মোক্ষম উপলক্ষের অপেক্ষায়ই যেন ছিলেন রাভিচান্দ্রান অশ্বিন। মোহাম্মাদ আমিরের জন্য তার জবাব, মোটেও স্লগার নন ভারতের এই ওপেনার। বরং মেন্টর ও কিংবদন্তি ইউভরাজ সিংয়ের চেয়েও আভিশেকের ব্যাট সুইংকে ভালো মনে করেন ভারতের স্পিনিং গ্রেট।
সপ্তাহ দুয়েক আগে আভিশেককে নিয়ে মন্তব্যটি করেছিলেন আমির। বিশ্বকাপ অভিষেকে প্রথম বলে ছক্কার চেষ্টায় আউট হয়েছিলেন আগ্রাসী এই ব্যাটসম্যান। দলের পরের ম্যাচে তিনি খেলতে পারেননি অসুস্থতার কারণে। পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে আমির বলেছিলেন, আভিশেককে তার ‘স্রেফ একজন স্লগার’ মনে হয় এবং তাকে তিনি ‘প্রপার’ ব্যাটসম্যান মনে করেন না।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যানকে নিয়ে এমন মন্তব্য আলোচনার ঝড় তোলে ভারত-পাকিস্তান দুই দেশেই। আভিশেক যেন আমিরকেই সত্যি প্রমাণ করার দায়িত্ব নিয়ে নেন। পরের দুই ম্যাচেও শূন্যতে আউট হয়ে অনাকাঙ্ক্ষিত এক হ্যাটট্রিক করেন তিনি। আমির পরে দফায় দফায় সেই মন্তব্যের পুনরাবৃত্তি করেন ও ব্যাখ্যা দেন।
আভিশেক প্রথম রানের দেখা পান সুপার এইটে এসে। তবে একটি ছক্কা ও চার মারলেও বিদায় নেন ১৫ রানে।
অবশেষে চেনা রূপে ফেরেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে বৃহস্পতিবার। চারটি করে ছক্কা-চারে ৩০ বলে ৫৫ রান করেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।
আমিরের মন্তব্যের জবাব দেওয়ার জন্য এই দিনটিকেই বেছে নেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’, যেখানে বোলার-ব্যাটসম্যানদের নানা কিছু নিয়ে বিশ্লেষণ করেন তিনি, সেখানে তিনি প্রশংসা করেন আভিশেকের ব্যাট সুইংয়ের।
“মোহাম্মাদ আমিরের একটি ভিডিও চারপাশে ছড়িয়ে পড়েছে, যেখানে সে আভিশেক শার্মাকে স্লগার বলেছে। আমি কেবল একটি বিষয়ই পরিষ্কার করতে চাই, তার খেলা নিয়ে যেকোনো কিছু বলতে পারেন, কিন্তু আর যা-ই হোক, সে স্লগার নয়। বর্তমান ক্রিকেটে তার ব্যাট সুইং সবচেয়ে ঈর্ষণীয়গুলোর একটি।”
“আমরা সবাই জানি ইউভরাজ সিং তার মেন্টর। সম্ভবত ইউভরাজের চেয়েও তার ব্যাট সুইং ভালো। এর চেয়ে ভালো ব্যাট সুইং আর হয় না। আভিশেক বলে মারলেই অনেক দূরে গিয়ে পড়ে। তাই লোকে তাকে স্লগার ভেবে ভুল করতে পারে। আভিশেকের একটাই সমস্যা, সে প্রতিটি বলেই (মারার) তাড়না দেখায়।”
আভিশেকের জন্য একটি পরামর্শও আছে অশ্বিনের।
“শটে খুব বেশি জোর খাটানোর প্রয়োজন নেই আভিশেকের। কেউ যদি তার সঙ্গে কথা বলে, তাকে যেন শুধু টাইমিংয়ের গুরুত্বটুকু বুঝিয়ে বলে।”
আভিশেকের ফিফটির ম্যাচে রানের পাহাড় গড়ে জিম্বাবুয়েকে হারিয়ে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ভারত। শেষ চারে খেলতে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই শিরোপাধারীদের।
