বাংলাদেশকে আবারও চ্যালেঞ্জ জানাতে পারেন সেই আসিথা
বাংলাদেশের বিপক্ষে এই পেসারকে অভিষেক করানোর আভাস দিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক।
পেসারদের জন্য ততটা সহায়তা না থাকা উইকেটেও বাংলাদেশকে খুব ভুগিয়েছিলেন আসিথা ফার্নান্দো। মিরপুর টেস্টে নিয়েছিলেন ১০ উইকেট। সহায়ক উইকেটে ব্যাটসম্যানদের আরও বড় চ্যালেঞ্জ জানাতে পারেন এই পেসার। বাংলাদেশের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে তাকে খেলানোর আভাস দিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা।
গত মে মাসে মিরপুরে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৯৩ রানে ৪ উইকেট নেন আসিথা। পরের ইনিংসে ৫১ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেন ১৬৯ রানে। শ্রীলঙ্কা ম্যাচ জেতে ১০ উইকেটে।
এমনিতে টি-টোয়েন্টিতে বিবেচনায় থাকেন না আসিথা। ছিলেন না এশিয়া কাপের প্রথম ঘোষিত দলেও। দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, কাসুন রাজিথাসহ শ্রীলঙ্কার প্রথম পছন্দের অনেক পেসারই চোটের জন্য ছিটকে যাওয়ায় সুযোগ পান। আসিথা সঙ্গী হন আনকোরা একটি পেস আক্রমণের। বৃহস্পতিবার হয়ে যেতে পারে তার টি-টোয়েন্টি অভিষেকও।
তাকে খেলানোর মূল কারণ হতে পারে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরে যাওয়া ম্যাচে লঙ্কান পেসারদের বোলিং। দিলশান মাদুশানকা নিজের একমাত্র ওভারে দেন ১০ রান। মাহিশা পাথিরানাও করতে পারেন কেবল এক ওভার। তিনি দেন ১৬ রান। অভিষিক্ত এই দুই জনের চেয়েও বেশি খরুচে ছিলেন চামিকা করুনারত্নে। তিন চার ও এক ছক্কায় তিনি দেন ২০ রান।
তিন পেসার ৩ ওভারে ৪৬ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। ১০৫ রানের পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। হেরে যায় ৫৯ বল বাকি থাকতে।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেটেরও একটা ভূমিকা থাকতে পারে আসিথাকে বিবেচনা করার জন্য। এই মাঠে প্রথম দুই ম্যাচের উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া ছিল। গতি ও বাউন্সও মিলেছে বেশ।
বাংলাদেশের বিপক্ষে সাফল্য থাকা একজন পেসারকে এমন উইকেটে খেলাতে চাইতেই পারেন শানাকা। বোলিং আক্রমণ নিয়ে বলার সময় লঙ্কান অধিনায়ক সেই আভাসই দিলেন।
“চোট পাওয়া পেসারদের বাইরে এরাই আছে, যাদের আমরা নিয়ে আসতে পারতাম। একাদশের বাইরে আসিথা আছে, পরের ম্যাচের জন্য সে একটা ভালো অপশন হতে পারে। তার খেলার সম্ভাবনা আছে। আমাদের মূল পেসারদের ছাড়া (খেলতে হচ্ছে), এটা বড় সমস্যা। তবে এই তরুণ প্রতিভাদের উপর আমার আস্থা আছে। আমি আশা করি, পরের ম্যাচে ওরা ভালো করবে।”
শ্রীলঙ্কার হয়ে সাত টেস্ট ও চার ওয়ানডে খেলেছেন আসিথা। টেস্টে নিয়েছেন ২০ উইকেট। ওয়ানডেতে এখনো উইকেটের দেখা পাননি ২৫ বছর বয়সী এই পেসার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে খারাপ নয় তার রেকর্ড। টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। এক ম্যাচে ৮ রানে ৬ উইকেটও নিয়েছেন। ওভার প্রতি রান দিয়েছেন আটের একটু নিচে। গড় বিশের একটু নিচে।
