১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘খুবই যে খারাপ খেলেছি, তা নয়’

বিপিএলে এখন পর্যন্ত নিজের পারফরম্যান্সে খুব একটা অসন্তুষ্ট নন লিটন কুমার দাস, তবে এখনও উন্নতির অনেক জায়গা দেখেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 06:31 PM

Updated : 25 Feb 2024, 06:53 PM

‘ভালো… খারাপ না’- অল্প কথায় বললেন লিটন কুমার দাস। বিপিএলে এখন পর্যন্ত তার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে নিজের মূল্যায়ন জানতে চাওয়া হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়কের কাছে। শুরুতে ছোট্ট করে জবাব দিয়ে পরে ব্যাখ্যাও করলেন তিনি। সেখানে সন্তুষ্টি যেমন মিশে থাকল, তেমনি অতৃপ্তিও ফুটে উঠল কিছু। 

গত কয়েক আসর ধরে টানা কুমিল্লার হয়ে খেলা লিটনকে এবারই প্রথম অধিনায়কত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোতে মনে হচ্ছিল, নেতৃত্ব যেন চাপ হয়ে গেছে স্টাইলিশ ওপেনারের জন্য। রান করতে একরকম ভুলেই গিয়েছিলেন তিনি। 

প্রথম পাঁচ ম্যাচে একবারও বিশ ছুঁতে পারেননি স্টাইলিশ এই ব্যাটসম্যান, ৭৫ স্ট্রাইক রেটে করেন স্রেফ ৩৭ রান। শুরুর ওই ব্যর্থতা ঝেড়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সবশেষ সাত ম্যাচে ১৪০.৮৮ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২৫৫ রান। 

এই সময়ে তিনি চল্লিশ ছুঁয়েছেন চার বার। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলেছেন ক্যারিয়ার সেরা ৮৫ রানের ইনিংস। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে পরের ম্যাচে করেছেন ৪৩। 

সব মিলিয়ে প্রথম পর্বের ১২ ম্যাচে তিনি করেছেন ২৯২ রান। শুরুতে ধুঁকতে থাকা লিটন এরই মধ্যে চলতি আসরে রানের তালিকায় ঢুকে গেছেন সেরা দশে। সেদিক থেকে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। তবে তার মানের একজন ব্যাটসম্যানের কাছ থেকে আরও দাপুটে ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রত্যাশা তো থাকেই।

তবে পারফরম্যান্স আরও সমৃদ্ধ করার সুযোগ তার শেষ হয়ে যায়নি। বিপিএলের কোয়ালিফায়ার ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুমিল্লা অধিনায়ক বললেন, চারশ রানে চোখ রাখছেন তিনি। 

“প্রতিটা ব্যাটসম্যান প্রতিদিন রান করবে না। এটাই সত্যি। খুবই যে খারাপ খেলেছি, তাও না। প্রায় তিনশ রানের কাছাকাছি চলে গেছি। যে ভালো খেলেছে, তার হয়তো চারশ রান বা এমন কিছু। এখনও হয়তো দুইটা খেলা বাকি আছে। দেখা যাক…। আমি যদি নিজের পারফরম্যান্সটা করতে পারি, অবশ্যই চারশর বেশি করার সুযোগ থাকবে।”

শুরুর দিকে ব্যাট হাতে ভোগান্তির সময়টায় হতাশ হলেও নিজের ওপর বিশ্বাস হারাননি লিটন। অনুশীলনে ঘাম ঝরিয়ে গেছেন তিনি। 

“আগেও বলেছি, টুর্নামেন্টটা অনেক লম্বা। এখানে একজন ব্যাটসম্যান বা বোলার দুই-তিন ম্যাচ খারাপ খেললেও ঘুরে দাঁড়ানোর সুযোগ সবসময়ই থাকে। আমারও মনে হয়, এই জিনিসটাই ছিল। অনুশীলন করেছি, কঠোর পরিশ্রম করেছি। বলব না যে, শতভাগ ফল পেয়েছি। তবে উন্নতির অনেক জায়গা আছে। আমি কাজ করে যাচ্ছি।” 

ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার রংপুরের মুখোমুখি হবে কুমিল্লা। বড় ম্যাচের আগে নিজের ওপর প্রত্যাশার কোনো চাপ নিতে চান না লিটন। 

“(বড় কিছুর করার) চেষ্টা করব…। প্রত্যাশা বলতে... কোনো কিছুই এরকম না। প্রত্যাশা নিতে গেলে চাপ বেশি চলে আসবে। যেহেতু বড় ম্যাচ। (মাঠে) যাব, খেলাটা উপভোগ করব। যদি আমার দিন থাকে, দিনটা কাজে লাগানোর চেষ্টা করব।”