০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

৩৬ বছর বয়সে ভারতীয় দলে ফিরলেন ভুবনেশ্বর

২০২২ সালের পর প্রথমবার দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ অভিজ্ঞ এই পেসারের সামনে।

৩৬ বছর বয়সে ভারতীয় দলে ফিরলেন ভুবনেশ্বর

ভুবনেশ্বর কুমার। ছবি: বিসিসিআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 11:31 PM

Updated : 06 Oct 2026, 11:58 PM

আর মাস চারেক পর বয়স পূর্ণ হবে ৩৭। এই বয়সে অনেকের আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যায়। বিশেষ করে পেসারদের। কিন্তু ভুবনেশ্বর কুমার শুরু করতে যাচ্ছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। চার বছর পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন অভিজ্ঞ পেসার।

চলতি মাসের শেষ দিকে নিউ জিল‍্যান্ডে পাঁচ ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২০২২ সালের নভেম্বরে কিউইদের বিপক্ষেই সবশেষ এই সংস্করণে খেলেছিলেন ভুবনেশ্বর।

আইপিএলে তার যা পারফরম্যান্স, এই বয়সেও যেভাবে ফিটনেস ধরে রেখেছেন এবং বোলিংয়ের যে ধার, স্রেফ বয়সের বিবেচনায় তাকে উপেক্ষা করা কঠিনই ছিল। গত আইপিএলে ১৬ ম‍্যাচে ২৮ উইকেট নিয়ে বড় অবদান রাখেন তিনি রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে। আগের মৌসুমে একই দলের হয়ে তার শিকার ছিল ১৭টি।

একসময় ভারতের তিন সংস্করণের দলেই নিয়মিত ছিলেন ভুবনেশ্বর। সময়ের পরিক্রমায় জায়গা হারান সব সংস্করণ থেকেই। ভারতের হয়ে ২১ টেস্টের সবশেষটি খেলেছেন ২০১৮ সালে, ১২১ ওয়ানডের সবশেষটি ২০২২ সালে। ওই বছরই শেষবার খেলেন টি-টোয়েন্টিতেও।

৮৭ টি-টোয়েন্টিতে ৯০ উইকেট নিয়ে থমকে থাকা ক্যারিয়ারে নতুন কিছু যোগ করার হাতছানি এখন ৩৬ বছর বয়সী পেসারের সামনে।

চোট কাটিয়ে দলে ফিরেছেন স্পিনার ভারুন চক্রবর্তী। বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা লেগ স্পিনার রাভি বিষ্ণই।

গত মাসের শেষ দিকে নতুন করে চোট পাওয়ায় দলে নেই হার্দিক পান্ডিয়া। ওই মাসের শুরুর দিকে পাওয়া চোট থেকে সেরে না ওঠায় বাইরেই আছেন হার্শিত রানা।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি সবাই আছেন নিউ জিল‍্যান্ড সফরের দলে। সামনের ওয়ানডে বিশ্বকাপে তাকিয়ে ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যস্ততার কারণে আপাতত টি-টোয়েন্টি থেকে বাইরে রাখা হচ্ছে পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহকে।

নিউ জিল‍্যান্ড সফরের ভারত টি-টোয়েন্টি: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আভিশেক শার্মা, সাঞ্জু স‍্যামসন, বৈভাব সুরিয়াভানশি, ইশান কিষান, তিলাক ভার্মা, আকসার প‍্যাটেল, শিভাম দুবে, নিতিশ কুমার রেড্ডি, নামান ধির, প্রিন্স ইয়াদাভ, মায়াঙ্ক ইয়াদাভ, আর্শদিপ সিং, ভুবনেশ্বর কুমার, ভারুন চক্রবর্তী, কুলদিপ ইয়াদাভ।