৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ব্যালটে ওয়ানডে বিশ্বকাপের টিকেট

২০২৭ বিশ্বকাপের টিকেটের জন্য বৃহস্পতিবার থেকে নিবন্ধন করা যাবে।

ব্যালটে ওয়ানডে বিশ্বকাপের টিকেট

বিশ্বকাপ ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উল্লাস। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 08:42 PM

Updated : 30 Sep 2026, 08:42 PM

ওয়ানডে বিশ্বকাপের এখনও বাকি এক বছরের বেশি সময়। তবে এখনই টিকেটের জন্য ব্যালটে নিবন্ধন শুরু করতে যাচ্ছে আইসিসি। যেখানে নিজেদের পছন্দের ম্যাচের টিকেটের জন্য আবেদন করতে পারবেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

কেপ টাউনে বৃহস্পতিবার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। সেখানেই টিকেটের এই ব্যালট প্রক্রিয়াটি উন্মুক্ত করা হবে।

ব্যালটের মাধ্যমে বিশ্বকাপের টিকেট পাওয়ার ক্ষেত্রে সব ভক্তের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে বসবে বিশ্বকাপের চতুর্দশ আসর।

তিন আয়োজক দেশের যেকোনো ভেন্যুর ম্যাচের জন্য নিবন্ধন করতে পারবেন বিশ্বের যেকোনো প্রান্তের ভক্তরা।

ব্যালটে বিনামূল্যে অংশ নেওয়া যাবে এবং টিকেট পাওয়ার ক্ষেত্রে আগে এলে আগে পাবেন- এমন নীতিও থাকবে না। বৃহস্পতিবার থেকে ২১ নভেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে পাওয়া সব বৈধ আবেদন সমানভাবে বিবেচনা করা হবে।

ভক্তরা নিজেদের পছন্দ অনুযায়ী যতগুলো ম্যাচের টিকেট চান, তার জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি ম্যাচের আবেদন আলাদা আবেদন হিসেবে বিবেচিত হবে। একটি ম্যাচের জন্য সর্বোচ্চ চারটি টিকেট চাওয়া যাবে এবং একই সঙ্গে পছন্দের টিকেট ক্যাটাগরিও নির্বাচন করা যাবে।

যেসব ম্যাচের টিকেটের চাহিদা প্রাপ্ত টিকেটের চেয়ে বেশি হবে, সেখানে লটারির মাধ্যমে বিজয়ী আবেদনকারীদের টিকেট কেনার জন্য যোগ্য হিসেবে নির্বাচন করা হবে। টিকেটের আবেদনের জন্য কোনো প্রকার অর্থ প্রদান করা লাগবে না। নির্বাচিত আবেদনকারীদের পরবর্তীতে ইমেলের মাধ্যমে জানানো হবে এবং তাদের টিকেট কেনার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে।

আর যেসব ম্যাচে চাহিদার চেয়ে প্রাপ্ত টিকেট বেশি থাকবে, সেসব ক্ষেত্রে নিবন্ধিত ভক্তরা টিকেট কেনার সুযোগ পাবেন। পরবর্তীতে কোনো টিকেট অবশিষ্ট থাকলে তা পরবর্তী বিক্রয় ধাপে উন্মুক্ত করা হতে পারে।

আগামী বিশ্বকাপে ১৪টি দল অংশ নেবে। ১২টি ভেন্যুতে হবে মোট ৫৭টি ম্যাচ।