২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মাঠে না গিয়েই সেমি-ফাইনালে লিটনরা

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের ওঠার লড়াইয়ে বাংলাদেশের পরের প্রতিপক্ষ পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 09:02 AM

Updated : 29 Sep 2026, 09:14 AM

ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের তখনও তিন ঘণ্টা বাকি। কিন্তু আবহাওয়ার আর মাঠের অবস্থা দেখে ম্যাচের ভাগ্য চূড়ান্ত হয়েই গেল অনেক আগেই। বৃষ্টি ভাসিয়ে নিল মাঠের লড়াইয়ের আশা। মালয়েশিয়ার বিপক্ষে না খেলেই সেমি-ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।

এই চিত্র অবশ্য শুধু বাংলাদেশের নয়, সেমি-ফাইনালে জায়গা করে নেওয়া চারটি দলেরই। চার কোয়ার্টার-ফাইনালের কোনোটিতেই খেলা হতে পারেনি বৃষ্টির কারণে। র‌্যাঙ্কিং অনুযায়ী বাছাইয়ে এগিয়ে থাকায় নির্ধারিত হয়েছে ফলাফল।

প্রথম দুই কোয়ার্টার-ফাইনালে সোমবার না খেলেই শেষ চার নিশ্চিত করে ভারত ও পাকিস্তান। মঙ্গলবারের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা ও নেপালের। কিন্তু ম্যাচে টসই হতে পারেনি।

নেপালের দুর্ভাগ্যই বলতে হবে। মূল জাতীয় দল নিয়ে গিয়েছে তারা, শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলকে শক্ত চ্যালেঞ্জ জানানো বা হারিয়ে দেওয়ার সম্ভাবনাও তাদের ছিল। কিন্তু তাদেরকে সুযোগটি দিল না আবহাওয়া। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান নবম, নেপালের চতুর্দশ।

এরপর বাংলাদেশের ম্যাচও অনুসরণ করে একই পরিণতি। টস বা খেলার সম্ভাবনা তো দূরের কথা, কোনো দলকে মাঠেই যেতে হয়নি।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে আট নম্বরে, মালয়েশিয়া ২৫।

কোয়ার্টার-ফাইনালের ফয়সালার পর অপেক্ষা এখন পদকের লড়াইয়ের। মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে লড়বে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৬টায়। একই দিনে ১১টায় মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

এই ম্যাচ দুটিও বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভারত আছে শীর্ষে, পাকিস্তান ছয়ে।