১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

জুনের সেরার লড়াইয়ে হাসারাঙ্গা-হেড-উইলিয়ামস

মেয়েদের মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট, অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 08:02 PM

Updated : 05 Jul 2023, 08:02 PM

বল হাতে গত মাসে দারুণ এক কীর্তি গড়া ভানিন্দু হাসারাঙ্গা জায়গা পেয়েছেন ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায়। লঙ্কান এই লেগ স্পিনারের সঙ্গে জুন মাসের সেরার লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবুয়ের শন উইলিয়ামস।

মাস সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট, অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউসের।

ভানিন্দু হাসারাঙ্গা

ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে টানা তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখান হাসারাঙ্গা। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

বাছাই প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারি হাসারাঙ্গা। এখন পর্যন্ত তার নামের পাশে উইকেট ২০টি। ভারতে অনুষ্ঠেয় বৈশ্বিক আসরে শ্রীলঙ্কাকে জায়গা করে দিতে বড় অবদান রাখেন তিনি।

ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল হেডের। গত মাসে ভারতের বিপক্ষে হওয়া ফাইনালে চমৎকার এক সেঞ্চুরি উপহার দেন বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

ওই ম্যাচে ৭৬ রানে ৩ উইকেট হারিয়ে যখন চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া, পাল্টা আক্রমণ চালিয়ে দলকে পথে ফেরান হেড। ১৭৪ বলে ১৬৩ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি।

পরে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দারুণ এক ফিফটি করেন হেড। এই পারফরম্যান্সগুলোই তাকে জায়গা করে দিয়েছে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায়।

শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)

গত মাসটা স্বপ্নের মতো কেটেছে উইলিয়ামসনের। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে তিনটি সেঞ্চুরি করেন তিনি। জুন মাস তার জন্য আরেকটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি উজ্জ্বল থাকলেও জিম্বাবুয়ে পারেনি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে।

নেপালের বিপক্ষে অপরাজিত ১০২ রানের ইনিংস দিয়ে আসর শুরু করেন উইলিয়ামস। পরে নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যথাক্রমে ৯১ ও ২৩ রান আসে তার ব্যাট থেকে।

এরপর টানা দুই ম্যাচে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার পান তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৭৪ রান করার পর ওমানের সঙ্গে তিনি খেলেন ১৪২ রানের ইনিংস।

ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড)

২০২১ সালের ফেব্রুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হওয়া বিউমন্টের সামনে হাতছানি আবারও এই পুরস্কার জেতার। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচ খেলেই সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২০৮ রানের ইনিংস খেলেন বিউমন্ট। ইংল্যান্ডের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। আগের সেরা ছিল ১৯৩৫ সালে করা বেট্টি স্নোবলের ১৮৯।

অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া)

 

এরই মধ্যে দুইবার ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ হওয়া গার্ডনার আরও একবার এই স্বীকৃতি অর্জনের দুয়ারে। ২০২২ সালের ডিসেম্বর ও ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের সেরা হয়েছিলেন তিনি।

জুনে গার্ডনারও কেবল খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি। ওই লড়াইয়ে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি। দুই ইনিংসে করেন স্রেফ ৪০ ও ১ রান।

ব্যাটিংয়ের ব্যর্থতা বোলিংয়ে ঠিকই পুষিয়ে দেন এই অলরাউন্ডার। ৮৯ রানে জয়ী ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয়ভাগে ধরেন তিনি ৮ শিকার।

হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)

গত জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেন ম্যাথিউস। প্রথমটিতে ১০৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার। পরে বল হাতেও দেখান ঝলক, নেন ৩ উইকেট।

বৃষ্টিতে ভেসে যাওয়া পরের ম্যাচে বোলিং করে একটি শিকার ধরেন তিনি। এই পারফরম্যান্সে মাস সেরার লড়াইয়ে জায়গা হয়েছে তার।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।

সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।