০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

অধিনায়ককে ফিরিয়ে পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা

সবশেষ সিরিজের টি-টোয়েন্টি দল থেকে অনেক পরিবর্তন এনেছেন লঙ্কান নির্বাচকরা।

অধিনায়ককে ফিরিয়ে পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা

কুসাল মেন্ডিস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 08:28 PM

Updated : 02 Oct 2026, 08:28 PM

চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলা কুসাল মেন্ডিসকে পাকিস্তান সফরে পাচ্ছে শ্রীলঙ্কা। অধিনায়কের পাশাপাশি আরও কয়েকজনকে এই সংস্করণের দলে ফিরিয়েছে তারা।

ডান হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান মেন্ডিস। পরে ওয়ানডে সিরিজে ফেরেন তিনি, একটি সেঞ্চুরিও করেন।

মেন্ডিসের অনুপস্থিতিতে ইংল্যান্ডে লঙ্কানদের নেতৃত্ব দেওয়া চারিথ আসালাঙ্কার জায়গা হয়নি পাকিস্তান সফরের দলে। ওই সিরিজে মেন্ডিসের জায়গায় ডাক পাওয়া পাভান রাত্নায়েকেকেও এবার রাখা হয়নি।

চোটের কারণে ওপেনার পাথুম নিসাঙ্কা ও লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে এবার অবশ্য পাবে না তারা। এই দুইজনের জায়গায় ডাক পেয়েছেন ওপেনার সিনেথ জায়াওয়ার্দেনে ও লেগ স্পিনার ভিজায়াকান্থ ভিয়াসকান্থ।

ঘরোয়া টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ২১ বছর বয়সী জায়াওয়ার্দেনে। গত মাসে তামিল ইউনিয়ন ক্রিকেট ক্লাবের হয়ে ৫২ বলে ১০১ ও ৩২ বলে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। এশিয়ান গেমস ক্রিকেটে লঙ্কানদের হয়ে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৬ ম্যাচ খেলে জায়াওয়ার্দেনের রান ১৪৯.৭৮ স্ট্রাইক রেটে ৬৮৬। বাঁহাতি ব্যাটসম্যানের নামের পাশে সেঞ্চুরি একটি, ফিফটি তিনটি।

শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলে একটি উইকেট নিতে পেরেছেন ভিয়াসকান্থ। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭৫ ম্যাচে তার শিকার ৮৮টি। এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে সেমি-ফাইনালেও খেলেন তিনি।

পিঠের চোটে ইংল্যান্ড সিরিজে খেলতে না পারা পেসার বিনুরা ফার্নান্দো ফিরেছেন দলে। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন দিলশান মাদুশাঙ্কা। তিনি ইংল্যান্ডের বিপক্ষে বিনুরার বদলি হিসেবেই ডাক পান।

গত বছরের শুরুতে দেশের হয়ে তিন টি-টোয়েন্টির সবশেষটি খেলা চামিন্দু উইক্রামাসিংহেকেও ফেরানো হয়েছে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৮ ম্যাচে তার রান দুই ফিফটিতে ৫৪৬। পেস বোলিংয়ে নিয়েছেন ১৩ উইকেট।

সেহান আরাচিগে গত এলপিএলে ভালো করেছেন। ১৪৭.২৩ স্ট্রাইক রেট ও ৩৪.২৭ গড়ে ২৪০ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এখন পর্যন্ত দেশের হয়ে দুটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলেছেন তিনি।

শঙ্কা থাকা সত্ত্বেও দলে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার দুশমান্থা চামিরাকে। খেলতে হলে ফিটনেস পরীক্ষায় উৎরাতে হবে তাকে।

ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়া অন্যরা হলেন দুই হাতেই বল করতে পারা স্পিনার থারিন্দু রাত্নায়েকে ও ব্যাটিং অলরাউন্ডার জানিথ লিয়ানাগে।

রাওয়ালপিন্ডিতে আগামী ৯ অক্টোবর শুরু তিন ম্যাচের সিরিজটি। একই মাঠে পরের দুই ম্যাচে ১১ ও ১৩ অক্টোবর।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: কামিল মিশারা, সিনেথ জায়াওয়ার্দেনা, কুসাল মেন্ডিস (অধিনায়ক), লাহিরু উদারা, সেহান আরাচিগে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিন্দু উইক্রামাসিংহে, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, ভিজায়াকান্থ ভিয়াসকান্থ, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, ইশান মালিঙ্গা, দুশমান্থা চামিরা (ফিটনেস পরীক্ষা উৎরানোর সাপেক্ষে)।