২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

‘৬ মাসের মধ্যে ভারতের একাদশে স্থায়ী হবে সুরিয়াভানশি’

কিশোর ব্যাটিং বিস্ময়কে জায়গা দিতে তিলাক ভার্মা কিংবা শিভাম দুবের বাদ পড়ার সম্ভাবনা দেখছেন মোহাম্মাদ কাইফ।

‘৬ মাসের মধ্যে ভারতের একাদশে স্থায়ী হবে সুরিয়াভানশি’

বৈভাব সুরিয়াভানশি। ছবি: সুরিয়াভানশির ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 04:41 PM

Updated : 24 Sep 2026, 04:41 PM

ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ হয়ে উঠেছেন বৈভাব সুরিয়াভানশি। তবে প্রথম পছন্দের একাদশে এখনও থিতু হতে পারেননি তিনি। দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মাদ কাইফের বিশ্বাস, আগামী ছয় মাসের মধ্যে সেই জায়গাও পাকাপোক্ত করে ফেলবেন তুমুল আলোচিত এই ব্যাটিং বিস্ময়।

বয়সভিত্তিক ক্রিকেট, আইপিএল, ভারতের ইমার্জিং দল ও ‘এ’ দলের হয়ে রেকর্ডের পর রেকর্ড গড়া সুরিয়াভানশি আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদও পেয়েছেন। এরই মধ্যে ভারতের জার্সিতে ছয়টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দুই ফিফটিতে করেছেন ১৯৩ রান, স্ট্রাইক রেট ১৮৯.২১।

গত জুন-জুলাইয়ের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে প্রথমবার ডাক পান সুরিয়াভানশি। পরে ইংলিশদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। যদিও শুরুটা ভালো হয়নি। ইংল্যান্ডে তিনটি টি-টোয়েন্টিতে করতে পারেন কেবল ৪২ রান।

এরপর জিম্বাবুয়ে সফরেও সুযোগ দেওয়া হয় সুরিয়াভানশিকে। সেখানে নিজেকে মেলে ধরেন তিনি। প্রথম ম্যাচেই ফিফটি করে গড়েন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ছোঁয়ার রেকর্ড। সিরিজের শেষ ম্যাচে খেলেন ৮১ রানের ইনিংস। সিরিজ সেরার পুরস্কার ওঠে তারই হাতে।

আফগানিস্তানের বিপক্ষেও দলে ছিলেন সুরিয়াভানশি। তবে এক ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। তার জায়গায় একাদশে ফেরানো হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়া সাঞ্জু স্যামসনকে। এমন সিদ্ধান্তের জন্য তখন টিম ম্যানেজমেন্টের সমালোচনাও করেন কাইফ।

জাপানে চলমান এশিয়ান গেমসের ভারত দলেও আছেন সুরিয়াভানশি। সেখানে সুযোগ পান কিনা, সেটা সময়ই বলবে।

আফগানিস্তান সিরিজের পর ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভির অবশ্য বলেন, খেলার সুযোগ পেতে আরও অপেক্ষা করতে হবে সুরিয়াভানশিকে। কাইফ মনে করছেন, সেই অপেক্ষা খুব বেশি দীর্ঘ হওয়ার সুযোগ নেই।

“আমি বুঝতে পারছি, তিলাক সহ-অধিনায়ক। কিন্তু এর আগেও সহ-অধিনায়কদের বাদ দেওয়া হয়েছে। সে প্রসঙ্গে যেতে চাই না। শিভাম দুবে প্রতি ম্যাচে রান করছে না, এখনও নিজেকে প্রমাণ করতে হবে তাকে। ফিল্ডিংয়েও সে দুর্বল, আর প্রকৃত বোলিং অলরাউন্ডারও নয়। সে খেলছে মূলত ব্যাটসম্যান হিসেবে।

“ছয় মাস পর তিলক অথবা দুবের মধ্যে একজন বাদ পড়বে। একজনকে সরাতেই হবে, আর সুরিয়াভানশি খেলবে। এটা আমি এখনই বলে দিচ্ছি।”

ইস্ট জোনের দুলিপ ট্রফির শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুরিয়াভানশি। তিন ম্যাচে একটি নব্বই ছোঁয়া ইনিংস ও দুটি চল্লিশোর্ধ ইনিংস খেলেন তিনি। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের ওই টুর্নামেন্টে ইশান কিষানের ডেপুটি ছিলেন এই কিশোর।

নিজের ইউটিউব চ্যানেলে সুরিয়াভানশিকে নিয়ে কথা বলার সময় সেই প্রসঙ্গও তুলে ধরেন কাইফ।

“দুলিপ ট্রফিতেও রান করেছে সুরিয়াভানশি। সে নিজের খেলায় উন্নতি করেছে। এমনকি সেখানে সে বোলিংও করেছে। সে বুঝতে পেরেছে যে, সে যদি কয়েক ওভার বোলিং করতে পারে, তাহলে (দল নির্বাচনে) বাড়তি সুবিধা পাবে।”