২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কাছে ক্ষমা চেয়ে দায়িত্বে রইলেন পাইক্রফট

ভারত-পাকিস্তান ম্যাচে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনাটি কেবলই ভুল বোঝাবুঝি জানিয়ে ক্ষমা চেয়েছেন অ্যান্ডি পাইক্রফট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 10:24 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

যে ম্যাচ রেফারিকে ঘিরে এত জল ঘোলা হলো, টসের সময় সেই অ্যান্ডি পাইক্রফটকেই দেখা গেল দায়িত্বে! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে পরে জানানো হয়, ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় দুই অধিনায়কের হাত না মেলানোর বিতর্কিত সেই ঘটনার সঙ্গে জড়িত জিম্বাবুয়ের এই সাবেক ক্রিকেটার ক্ষমা চেয়েছেন।

এশিয়া কাপে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে পাইক্রফটকে সরানোর জোর দাবি জানিয়েছিল পিসিবি। তাদের চাওয়া পূরণ না করা হলে আসর থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছিল তারা।

তাতে বুধবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ মাঠে গড়ানো নিয়ে জাগে প্রবল শঙ্কা। নির্ধারিত সময়ে পাকিস্তান দল মাঠে না যাওয়ায় ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাঠে পৌঁছায় সালমান আলি আগার দল।

তখনও নিশ্চিত হওয়া যায়নি, পাকিস্তানের দাবি মেনে নেওয়া হয়েছে নাকি পাইক্রিফটকেই রাখা হচ্ছে দায়িত্বে। এরপর টসের সময় দুই দলের অধিনায়কের সঙ্গে দেখা যায় পাইক্রফটকে। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগের মাধ্যমে পাইক্রফটের ক্ষমা চাওয়া নিয়ে একটি বিবৃতি দেয় পিসিবি।  

“পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন আইসিসির বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের অধিনায়ককে হাত মেলাতে বারণ করেছিলেন তিনি। তার এই কাণ্ডে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।”

“অ্যান্ডি পাইক্রফট ১৪ সেপ্টেম্বরের ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে তুলে ধরে ক্ষমা চেয়েছেন। ওই দিনের ম্যাচে আচরণবিধির লঙ্ঘন নিয়ে তদন্ত করতে তৎপর হয়েছে আইসিসি।”

এতসব নাটকীয়তার শুরু গত রোববার এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। সেদিন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানোর বিতর্কিত ঘটনায় ক্রিকেট আঙিনায় বয়ে যায় আলোচনা-সমালোচনার ঝড়। যা চলছে এখনও।

ম্যাচটির আগে-পরে ভারতীয় ক্রিকেটাররা হাত না মেলানোয় সেদিন পুরস্কার বিতরণী আয়োজনে যাননি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। পরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ মাইক হেসন হতাশা প্রকাশ করে জানান, প্রতিবাদমূলক পদক্ষেপ হিসেবেই পুরস্কার বিতরণী যাননি অধিনায়ক।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগের দিন দুবাইয়ে পাকিস্তান দল অনুশীলন করলেও তাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন হয়নি। আনুষ্ঠানিকভাবে এটির কোনো কারণ জানানো হয়নি। তবে মোটামুটি স্পষ্টই যে, প্রতিবাদের অংশ হিসেবেই সংবাদ সম্মেলন বর্জন করেছে তারা।

এরপর মধ্যরাতে পিসিবির ‘সম্ভাব্য ম্যাচ বর্জনের’  বিবৃতিতে শঙ্কায় পড়ে যায় ম্যাচটির ভাগ্য। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়, আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে পাইক্রফটের বদলে ম্যাচ রেফারি থাকবেন রিচি রিচার্ডসন এবং টুর্নামেন্টে পাকিস্তান টিকে থাকলে তাদের বাকি ম্যাচগুলোতেও একই ধারা অনুসরণ করা হবে।

কিন্তু শেষ পর্যন্ত সেসব কিছুই হয়নি। অনেক জল্পনা-কল্পনার পর পাইক্রফটকে দায়িত্বে রেখেই মাঠে গড়িয়েছে ম্যাচ।

আরব আমিরাতের বিপক্ষে জিতলেই এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিবে পাকিস্তান।