৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

পাকিস্তানকে কেন শাস্তি দিতে পারবে না আইসিসি, ব্যাখ্যা দিলেন আইসিসির সাবেক চেয়ারম্যান

‘দ্বিমুখী নীতি অবলম্বন করা যাবে না’, বলেছেন পিসিবি ও আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 07:33 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের জন্য কেমন শাস্তি পেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তা নিয়ে চলছে নানা জল্পনা। পিসিবির ওপর বড় খড়গ নেমে আসতে পারে বলে খবর বেরিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে পিসিবি ও আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি বলেছেন, পাকিস্তানকে কোনো শাস্তি দিতে পারবে না আইসিসি। 

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে রোববার পাকিস্তান সরকার জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।

ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার ঘণ্টা তিনেক পর এই সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতির কথা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করে দেয় আইসিসি। পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবানও জানানো হয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার পক্ষ থেকে।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশাল অঙ্কের সম্ভাব্য আয় হারাবে আইসিসি। সেই আর্থিক ঘাটতি পুষিয়ে নিতে পিসিবিকে জরিমানা করা কিংবা আইসিসির রাজস্ব থেকে পিসিবির ভাগ কমিয়ে দেওয়া হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে চলছে আলোচনা। এছাড়া আরও বিভিন্ন ধরনের সম্ভাব্য শাস্তির কথা বলা হচ্ছে।

তবে পিসিবি ও আইসিসির সাবেক চেয়ারম্যান মানিকে উদ্ধৃতি করে স্পোর্টস্টারে বলা হয়েছে, সরকারি নির্দেশনা মানার জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া যাবে না।

“সরকারি নির্দেশনা অনুসরণ করায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। এই কারণ দেখিয়ে ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। দ্বিমুখী নীতি অবলম্বন করা যাবে না। তাই দুর্ভাগ্যবশত, আমি আবারও এই সত্যটি তুলে ধরছি যে, সমস্যা মোকাবেলা করার পরিবর্তে আইসিসি কেবল দর্শকের ভূমিকা পালন করেছিল।”

“যেকোনো দেশের ক্ষেত্রে তার সরকারকে সম্পৃক্ত হওয়ার দরজা খোলা রাখা হয়েছিল। বিশেষ করে এটা জেনেই যে, পিসিবির চেয়ারম্যান সরকারের একজন মন্ত্রী।”

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তান সরকারের সিদ্ধান্তের পরদিন পিসিবির একটি সূত্র জানিয়েছে, দেশের শীর্ষ পর্যায় থেকে আসা নির্দেশনা অনুসরণ করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই।

পিসিবির সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিশ্বকাপের নকআউট পর্বে আবার ভারতের বিপক্ষে খেলা হলে সরকারি নির্দেশনা মেনে চলবে বোর্ড। 

“সরকার বোর্ডকে আরও জানিয়েছে যে, জাতীয় দল ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে না এবং বিশ্বকাপে তাদের পয়েন্ট হারাবে। নকআউট পর্বে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে হতে পারে এমন পরিস্থিতিতে, বোর্ড সেই সময়ও সরকারের নেওয়া যেকোনো সিদ্ধান্ত অনুসরণ করবে।”