Published : 12 May 2026, 08:47 PM
পোশাক সাদা হোক কিংবা রঙিন, বলের রঙ লাল অথবা সাদা; সব জায়গায় একইরকম দ্যুতিময় নাজমুল হোসেন শান্ত। ২২ গজে নামলেই রানের স্রোত বইয়ে দিচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় জয়ের ম্যাচেও হেসেছে তার ব্যাট। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকলেও মাটিতেই পা রাখছেন তিনি। আরও ভালো করতে না পারার আক্ষেপ কাজ করছে তার মাঝে।
মূলত পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসকে আরও বড় করতে না পারায় কিছুটা হতাশ শান্ত। সেঞ্চুরি ছুঁয়েছেন বটে, কিন্তু সেটিকে আরও লম্বা করতে ব্যর্থ হন তিনি। চমৎকার ব্যাটিংয়ে দুই ছক্কা ও ১২ চারে ১৩০ বলে ১০১ রান করে ড্রেসিং রুমে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান।
শান্তর ব্যাট কথা বলেছে দ্বিতীয় ইনিংসেও। ম্যাচের পঞ্চম দিনে তার সামনে সুযোগ ছিল জোড়া সেঞ্চুরির কীর্তি গড়ার। টেস্টে যে অভিজ্ঞতা তার হয়েছিল আরও দুই দফায়। আবার সেটি করতে পারলে বিশ্বরেকর্ডে ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান সুনিল গাভাস্কার, অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের সঙ্গী হতেন তিনি। কিন্তু এদিন ৮৭ রানে আউট হয়ে যান শান্ত।
দুর্দান্ত ছন্দে থাকা শান্ত আগের চার টেস্টে তিনটি সেঞ্চুরি উপহার দেন। ২০২৫ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেন তিনি। পরে নভেম্বরে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন ঠিক ১০০ রানের ইনিংস। টেস্টে ৯ সেঞ্চুরির চারটিই পেলেন তিনি সবশেষ পাঁচ টেস্টে।
টেস্টে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া বেশ কয়েকবার পেলেও, এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি করতে পারেননি শান্ত। এই সংস্করণে তার সর্বোচ্চ ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩, যেটি টেস্টে তার প্রথম শতক।
পাকিস্তানের বিপক্ষে এই টেস্টের আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়েও বড় অবদান রাখেন শান্ত। শেষ দুই ম্যাচে যথাক্রমে খেলেন অপরাজিত ৫০ ও ১০৫ রানের চমৎকার ইনিংস।
ব্যাট হাতে এই ধারাবাহিকতাকে নিজের সেরা সময় বলতে নারাজ শান্ত। পাকিস্তানকে হারানোর পর সংবাদ সম্মেলনে বললেন, এই ম্যাচেই আরও ভালো করা উচিত ছিল তার।
“আমার ব্যাটিং নিয়ে বলব যে, এই জায়গায় যদি অন্য কোনো বড় ব্যাটসম্যান থাকত, ১০১ রানের ইনিংসটা হয়তো ২০০ হতো। এটা খুবই সত্য কথা। বিশ্ব ক্রিকেটে যদি দেখেন, এরকমই করে যারা শীর্ষ ব্যাটসম্যান। আমার মনে হয় না যে, আমার সেরা ছন্দে আছি। আমি মনে করি, আমার আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল প্রথম ইনিংসে।”
“আমার মনে হয় প্রথম ইনিংসটা বড় হতে পারত। যেভাবে ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে, প্রথম দুই-তিন ঘন্টায় অনেক চ্যালেঞ্জ ছিল। তারপরও আমার মনে হয় যে, ইনিংসটা আরেকটু বড় হতে পারত।”
নিজের দ্বিতীয় ইনিংসের মূল্যায়নেও প্রথমটির কথাই আবার বললেন শান্ত।
“দ্বিতীয় ইনিংস নিয়ে বলব, যেভাবে ব্যাটিং করতে চেয়েছি করতে পেরেছি। তৃতীয় ও চতুর্থ দিনের উইকেটটা কঠিন থাকে। পঞ্চম দিনে আজকে ব্যাটিং করলাম। সামগ্রিকভাবে ব্যাটিং ভালো হয়েছে। তবে আমি বলব যে, প্রথম ইনিংস আরেকটু বড় হতে পারত।”
পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। দুই ইনিংসে দারুণ ব্যাটিং করে ম্যাচ-সেরার পুরস্কার জিতেছেন শান্ত।