চাওয়া ব্যাটিংয়ে উন্নতি, আশা উইন্ডিজকে হারানো, স্বপ্ন সেমি-ফাইনালে খেলা
ব্যাটিংয়ে উন্নতি করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।
আইসিসির মিডিয়া ম্যানেজার প্রশ্ন করলেন, “কোন কোন জায়গায় উন্নতি দেখতে চান…?” প্রশ্ন শেষ হওয়ার আগেই হাসি ফুটে উঠল নিগার সুলতানার মুখে। ওই হাসিতে বাংলাদেশ অধিনায়ক যেন বোঝাতে চাইলেন, এটা বলার কিছু নেই, সবারই জানা! পরমুহূর্তে তার কণ্ঠেও শোনা গেল তা, “এটা খুবই দৃশ্যমান যে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে…।”
ব্যাটিংয়ে উন্নতি করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান নিগার। এই লক্ষ্য পূরণ হলে বেঁচে থাকবে তাদের সেমি-ফাইনাল খেলার স্বপ্নও। তবে সেই সাফল্যকে ধরার প্রথম শর্ত অবশ্যই ব্যাটিংয়ে উন্নতি।
দলের সবচেয়ে বড় দুর্বলতা, প্রধানতম সমস্যা, মূল ঘাটতি কিংবা যেটাই বলা হোক, সবকিছুর উত্তরই একই। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় রোগ বলা যায় ব্যাটিংকেই। ভারতে ব্যাটিংয়ে ধুঁকছে ছেলেদের দল। হাতে গোণা কিছু ব্যতিক্রম ছাড়া টি-টোয়েন্টির ব্যাটিংয়ের ভাষা এখনও বুঝতেই পারছে না তারা। একই রোগে ম্রিয়মান অবস্থা মেয়েদের দলেরও।
ব্যাটিংয়ের এই ঘাটতি নিগারদের সামনে এগোতে দিচ্ছে না অনেক দিন ধরেই। চলতি বিশ্বকাপেও সেই চিত্র যথারীতি দেখা যাচ্ছে। স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতার পর বোলারদের দারুণ পারফরম্যান্সে বিশ্বকাপে ১০ বছরের খরা কাটানো জয়ের দেখা পায় বাংলাদেশ। পরের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে বড় স্কোর গড়তে দেয়নি বোলাররা। কিন্তু ব্যাটিংয়ের আরেকটি ব্যর্থতায় হারতে হয় সেই ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্যাটিংয়ে উন্নতির তাগিদ শোনালেন নিগার।
“এটা খুবই দৃশ্যমান যে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। গত দুই ম্যাচে আমাদের বোলাররা খুব ভালো কাজ করেছে। কিন্তু ব্যাটিং নিয়ে আমরা ধুঁকছি। কাজেই অবশ্যই আমরা এখানে উন্নতি করতে চাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।”
বাংলাদেশের এই ভঙ্গুর ব্যাটিং লাইন আপে একমাত্র ভরসার নাম বলতে গেলে নিগার নিজেই। একপ্রান্ত আগলে রাখা, ইনিংস মেরামত করা, দলকে বয়ে নেওয়া এবং দ্রুত রান বাড়ানো, পরিস্থিতি বুঝে সবই করতে হয় তাকে। নানা সময়ে সফলও হয়েছেন দারুণ। তবে এবার বিশ্বকাপের দুই ম্যাচে তার ব্যাটও হাসেনি প্রত্যাশামতো। স্কটল্যান্ডের বিপক্ষে করেছেন তিনি ১৮, ইংল্যান্ডের বিপক্ষে ১৫।
নিজের ভেতর জেগে ওঠার ডাক শুনতে পাচ্ছেন তিনি নিজেও। ব্যাট হাতে সেরা চেহারায় ফিরতে মুখিয়ে আছেন অধিনায়ক।
“আমি সবসময় চাই উপভোগ করতে। তবে ব্যাটিংয়ে যখন নামি, সবসময় আমার মাথায় থাকে যে, টপ অর্ডার ব্যাটার হিসেবে আমাকে এগিয়ে যেতে হবে এবং পরিস্থিতির দাবি যা থাকে, তা মেটাতে হবে। তার পরও গত দুই ম্যাচে হয়তো নিজের খেলাটা আমি খেলতে পারিনি। দলের জন্য আরও অনেক কিছু অবশ্যই করতে পারি আমি। পরের ম্যাচে নিজের সেরাটা খেলতে চাই।”
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সুযোগ হারিয়ে আক্ষেপ আছে নিগারের। তবে সেটাকে পেছনে ফেলে তিনি দলকে তাকাতে বলছেন সামনে। জয়ের ম্যাচ থেকে তো বটেই, পরাজয়ের ম্যাচেও কিছু প্রাপ্তি তিনি দেখছেন। সেসব থেকে উজ্জীবিত হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ছবি আঁকছেন অধিনায়ক।
“গত দুটি ম্যাচ আমাদের জন্য বেশ ভালো ছিল। একটিতে আমরা জিতেছি, একটি হেরেছি। তবে আমরা অনেক কিছু শিখেছি, বুঝতে পেরেছি আমাদের কী করতে হবে। সেই ইতিবাচক দিকগুলোকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই, যা পরের ম্যাচে আমাদের সহায়তা করবে।”
“ইংল্যান্ডের বিপক্ষে খুব ভালো সুযোগ ছিল আমাদের। আমরা পারিনি, তবে সেই ম্যাচ এখন শেষ। পরের ম্যাচে নিজেদের সেরাটা খেলতে চাই আমরা। আমার বিশ্বাস, সেই সামর্থ্য আমাদের আছে। এই দলটি গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছে এই টুর্নামেন্টের জন্য। আমরা সবাই দলের জন্য ভালো করতে চাই। দেশে যে ক্রিকেটাররা আছে, তাদেরও একই চাওয়া। আগের দুই ম্যাচের ভুলগুলো সামনে আর পুনরাবৃত্তি করতে চাই না আমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের।”
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে নিগার বলেছিলেন, সেমি-ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন তারা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেই স্বপ্নকে জিইয়ে রাখতে চান ২৭ বছর বয়সী কিপার-ব্যাটার।
“গ্রুপ পর্বে সবাই কিন্তু এখনও পর্যন্ত একটি করেই ম্যাচ জিতে আছে (দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড জিতেছে দুটি করে) আমাদের এখনও সেমি-ফাইনালের দিকেই চোখ আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে আমাদের সেমি-ফাইনালের স্বপ্ন বেঁচে থাকবে। আমরা চাইব যেন সুযোগটা আমরা নিতে পারি।”
ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচটি শুরু বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার দুবাইয়ে নিগারদের লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
