২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গেইলের ছক্কার রেকর্ড ভেঙে দেবে সুরিয়াভানশি’

পাওয়ার প্লেতে ভারতের বিস্ময়-বালকের বিস্ফোরক ব্যাটিং অবিশ্বাস্য লাগে জস বাটলারের কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 08:44 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

আইপিএলে একের পর এক ম্যাচে যেভাবে ব্যাটিং করছেন বৈভাব সুরিয়াভানশি, তাতে মুগ্ধ জস বাটলার। বিশেষ করে, ভারতের বিস্ময়-বালকের ছক্কা মারার সামর্থ্য অবিশ্বাস্য লাগে ইংলিশ তারকার কাছে। বাটলারের বিশ্বাস, প্রতিযোগিতাটির এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি এবারই নিজের করে নেবেন সুরিয়াভানশি।

এবারের আইপিএলে এখন পর্যন্ত ১৩ ইনিংসে ব্যাটিং করে ৫৭৯ রান করেছেন সুরিয়াভানশি। এখন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেটও অসাধারণ, ২৩৬.৩২। পাঁচশ রান করা আট ব্যাটসম্যানের মধ্যে দুইশর বেশি স্ট্রাইক রেট আছে কেবল আর একজনের, আভিশেক শার্মা (২০১.৯৯)।

চলতি আসরে এখন পর্যন্ত একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেছেন সুরিয়াভানশি। সবশেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলেছেন ১০ ছক্কায় ৯৩ রানের বিধ্বংসী ইনিংস।

এবারের আইপিএলে এখন পর্যন্ত ৫৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। প্রতিযোগিতাটির এক আসরে পঞ্চাশ ছক্কা মারা প্রথম ভারতীয় তিনি, সব মিলিয়ে তৃতীয়। ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫২টি ছক্কা মেরেছিলেন আন্দ্রে রাসেল।

২০১২ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৪ ইনিংসে ৫৯টি ছক্কা হাঁকিয়ে সুরিয়াভানশির ওপরে আছেন শুধু ক্রিস গেইল। পরের বছর ‘ইউনিভার্স বস’ গেইল ছক্কার মারেন ৫১টি।

সুরিয়াভানশির বয়স কেবল ১৫ বছর। এই বয়সে যা করছেন তিনি, তা কেবল অবাক করেই চলেছে সবাইকে। সেই তালিকায় আছেন ইংলিশ পেস বোলিং গ্রেট স্টুয়ার্ট ব্রডও। সাবেক এই ক্রিকেটারের সঙ্গে ‘ফর দা লাভ অব ক্রিকেট’ পডকাস্ট-এ আলাপে সুরিয়াভানশির উচ্ছ্বসিত প্রশংসা করেন বাটলার।

“ছক্কার কথা বললে, বৈভাব গত রাতেও কয়েকটি (১০টি) ছক্কা মেরেছে-৩৮ বলে ৯৩ রান করেছে। আইপিএলের এক মৌসুমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা নিশ্চিতভাবেই তার। এই মৌসুমে সে ইতোমধ্যে ৫০টিরও বেশি (৫৩টি) ছক্কা মেরেছে। আর এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে আমার মনে হয় কেবল ক্রিস গেইল তার চেয়ে মাত্র এক বা দুটি ছক্কায় এগিয়ে আছে।”

টি-টোয়েন্টি ক্রিকেটে গেইলকে সর্বকালের সেরা মানেন আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলা বাটলার। তার মনে হচ্ছে, ক্যারিবিয়ান গ্রেটের রেকর্ডও ভেঙে দেবেন সুরিয়াভানশি।

“পাওয়ার প্লেতে তাকে ব্যাট করতে দেখেছি। পরিসংখ্যানগুলো অসাধারণ, তাই না? পাওয়ার প্লেতে প্রতি দুই বলে সে একটি বাউন্ডারি মারে, যা স্রেফ পাগলামি।”

“আমার মনে হয়, ক্রিস গেইল টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়, বিশেষ করে ছক্কা মারার দিক থেকে। এক আসরে ৫৯টি ছক্কার রেকর্ডটি তার। রাজস্থান যদি প্লেঅফে উঠতে পারে, তবে বৈভাব নিশ্চিতভাবেই ওই রেকর্ড ভেঙে দেবে।”

আইপিএলের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে রাজস্থান। আগামী রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে তারা। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে তাদের প্লেঅফে খেলা।