অ্যাশেজ
Published : 27 Dec 2025, 05:16 PM
ডেলিভারি শেষে হ্যামস্ট্রিং চেপে ধরলেন গাস অ্যাটকিনসন। কিছুক্ষণ পর মাঠ ছেড়েই চলে গেলেন তিনি। দিনের বাকি সময়ে আর মাঠে ফিরলেন না ইংলিশ পেসার। তার এই চোট সমস্যা নতুন দুর্ভাবনা হয়ে এসেছে ইংল্যান্ড দলের জন্য।
মেলবোর্নে শনিবার বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে দুই দিনেই হারিয়ে দীর্ঘ এক অপেক্ষার অবসান করেছে ইংল্যান্ড। ৫ হাজার ৪৬৮ দিন, ১৫ বছর আর ১৮ টেস্ট পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় তারা।
পেসারদের জন্য প্রবল সহায়ক উইকেটে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে স্রেফ ১৫২ রানে গুটিয়ে দেওয়ার পথে অবদান রাখেন অ্যাটকিনসন। ট্রাভিস হেডের পর উসমান খাওয়াজার উইকেট নেন তিনি।
কিন্তু বিপত্তি বাধে ম্যাচের দ্বিতীয় দিনের শুরুটা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ডকে ফেরানোর পরের ওভারে হ্যামস্ট্রিংয়ের টান লাগে অ্যাটকিনসনের।
নিজের পঞ্চম ওভারের শেষ বলটি করে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে হাত দিয়ে চেপে ধরে রাখেন তিনি। পরে হেঁটেই অবশ্য মাঠ ছাড়েন ডানহাতি পেসার। তার বদলি হিসেবে ফিল্ডিং করেন অলি পোপ। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটি ৪ উইকেটে জিতে যায় ইংল্যান্ড।
পার্থে প্রথম টেস্ট খেলার পর হাঁটুর চোটে পুরো সিরিজের জন্য ছিটকে যান মার্ক উড। সাইড স্ট্রেইনের চোটে সিরিজের দুই টেস্টে জফ্রা আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড। এবার আরেক পেসারের চোট তাদের জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার।
ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের কণ্ঠেও ঝড়ে অ্যাটকিনসনের এভাবে মাঠ ছাড়া নিয়ে হতাশা।
“তাকে মাঠ ছেড়ে চলে যেতে দেখা অবশ্যই হতাশার। আমি মেডিকেল দলের সদস্য নই। তাই আমি এটা (অ্যাটকিনসনের চোটের বিষয়) তাদের ওপরই ছেড়ে দিচ্ছি। আমি নিশ্চিত, সবসময়ের মতো কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে গেলে যেমন স্ক্যান করানো হয়, তারও করানো হবে। তারপরে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে (তার কী অবস্থা)।”
ডান হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ঘরের মাঠের ভারত সিরিজে স্রেফ একটি টেস্ট খেলেন ২৭ বছর বয়সী অ্যাটকিনসন। গত অগাস্টের ওই ম্যাচের পর অস্ট্রেলিয়ায় প্রথম দুটি টেস্ট খেলে স্রেফ পাঁচটি উইকেট নিতে পারেন তিনি। পরে তাকে অ্যাডিলেইড টেস্টে একাদশে রাখেনি ইংল্যান্ড। মেলবোর্নে ফিরে এবার ফের চোট হানা দিল তার শরীরে।
সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে অ্যাটকিনসনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। সিডনিতে ম্যাচটি শুরু হবে আগামী ৪ জানুয়ারি।