১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্র্যাঞ্চাইজি কিনলেন দু প্লেসি, রোডস ও ক্লসেন

দলটিকে নেতৃত্বও দেবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি।

ফ্র্যাঞ্চাইজি কিনলেন দু প্লেসি, রোডস ও ক্লসেন
বাঁ থেকে ফাফ দু প্লেসি, জন্টি রোডস ও হাইনরিখ ক্লসেন। ছবি রয়টার্স ও আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 11:13 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) দলগুলোর মালিকানায় যুক্ত সাবেক-বর্তমান ক্রিকেটারের সংখ্যা বাড়ছেই। রটারডাম ফ্র্যাঞ্চাইজি কিনতে একটি কনসোর্টিয়াম গঠন করেছেন দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি, জন্টি রোডস ও হাইনরিখ ক্লসেন।

ক্রিকেট ইতিহাসের সেরা ফিল্ডারদের একজন রোডস এখন কোচিং করান বিভিন্ন দলকে। দু প্লেসি ও ক্লসেনের জাতীয় দলের অধ্যায়ও অতীত হয়ে গেছে বেশ আগেই। দুজনই এখন খেলেন বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয়। বর্তমানে আইপিএলে ব্যস্ত আছেন ক্লসেন।

ইউরোপের ছয়টি শহরে অনুষ্ঠেয় লিগের উদ্বোধনী আসরে রটারডামকে নেতৃত্বও দেবেন দু প্লেসি। দলের মালিকানার অংশ হতে পারায় উচ্ছ্বসিত ৪১ বছর বয়সী সাবেক প্রোটিয়া অধিনায়ক।

“দলের মালিকানায় এটি আমার প্রথম পদক্ষেপ এবং ইউরোপিয়ান ক্রিকেট যখন সত্যিকারের গতি পাচ্ছে, তখন এর চেয়ে ভালো সময় আর হতে পারত না।”

“ইটিপিএল যেভাবে গড়ে উঠছে, বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতায় এখানে অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। মাঠের ভেতরে ও বাইরে অবদান রাখতে এবং আমাদের দলের মধ্যে শক্তিশালী ক্রিকেটীয় সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করার জন্য উন্মুখ হয়ে আছি।”

আগামী ২৬ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হবে উদ্বোধনী আসর। ছয় শহর গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামের প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। আসরে মোট ম্যাচ হবে ৩৩টি।

বিভিন্ন দলের মালিকানায় আছেন বিশ্ব ক্রিকেটের আরও কিছু বড় নাম। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির মালিকানার সঙ্গে যুক্ত আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ, হকি আইকন জেমি ডয়ার। দলটির অধিনায়ক মিচেল মার্শ।

বেলফাস্টের কর্ণধারদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবরার মালিক নিউ জিল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার কাইল মিলস ও ন্যাথান ম্যাককালাম। এই দলের অধিনায়ক মিচেল স্যান্টনার।

গ্লাসগো-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মাগাফিয়ান্সের মালিকানায় যুক্ত আছেন ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইল। প্রতিযোগিতাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি।