৯ ইনিংসে ৫ সেঞ্চুরি, ১৬ ইনিংসে হাজার ছুঁয়ে ভারতীয় ব্যাটসম্যানের রেকর্ড
আরেকটি দারুণ ইনিংস খেলে রেকর্ড বইয়ে ঝড় তুললেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান।
টানা দুই সেঞ্চুরির পর টানা দুই ম্যাচে আউট অল্পে রানে। সেই হতাশা পেছনে ফেলে পরের ম্যাচেই আবার ব্যাট হাতে জ্বলে উঠলেন আমান মোখাড়ে। রান তাড়ায় দুর্দান্ত সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে ঝড় তুললেন ২৪ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।
ভারতের ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফির সেমি-ফাইনালে বৃহস্পতিবার কার্ণাটাকার বিপক্ষে ১২২ বলে ১৩৮ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন আমান। বিদার্ভার ওপেনারের ইনিংসটি গড়া ১২ চার ও ২ ছক্কায়।
এই ইনিংসটির পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম এক হাজার রানের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন আমান। এজন্য তার লেগেছে ১৬ ইনিংস। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান গ্রায়েম পোলকের পাশে বসেছেন তিনি। সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত পোলকেরও লেগেছিল ১৬ ইনিংস।
ভারতীয় রেকর্ড অবশ্য নিজের করে নিয়েছেন আমান। তার আগে রেকর্ডটি যৌথভাবে ছিল দেবদূত পাডিক্কাল ও আভিনাভ মুকুন্দের, দুজনেরই লেগেছিল ১৭ ইনিংস।
আমানের লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক ২০২২-২৩ মৌসুমে। পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন তিনি মূলত চলতি মৌসুমে। প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফির ২০২৫-২৬ আসরে ৯৬.১৬ গড়ে ৭ ইনিংসে তার ব্যাট থেকে আসে বিদার্ভার হয়ে সর্বোচ্চ ৫৭৭ রান। ৩টি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেন একটি।
পরে টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও তিনি ছিলেন বিদার্ভার সর্বোচ্চ রান সংগ্রাহক, ৭ ইনিংসে ২০৬ রান।
সেই ফর্ম তিনি বয়ে আনেন ভিজায় হাজারে ট্রফিতেও। এখন পর্যন্ত ৯ ইনিংসে ৯৭.৬২ গড়ে ৭৮১ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। সেঞ্চুরি ৫টি, একটিতে আউট হয়েছেন ৮২ রানে। বাকি তিন ইনিংসে অবশ্য দুই অঙ্কে যেতে পারেননি।
তার ৫ সেঞ্চুরি ভিজায় হাজারে ট্রফির এক আসরে কোনো ব্যাটসম্যানের যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪-২৫ আসরে কারুন নায়ার ও ২০২২-২৩ আসরে নারায়ান জাগাদিসানও সেঞ্চুরি করেছিলেন ৫টি করে।
সেবার ৮ ইনিংসে ৮৩০ রান করে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েন জাগাদিসান। সেই রেকর্ড ভাঙার হাতছানি আমানের সামনে। এজন্য ফাইনালে তার প্রয়োজন ৫০ রান।
আমান এবারের আসর শুরু করেন বাংলার বিপক্ষে ১১০ রানের ইনিংস দিয়ে। পরের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে করেন ৮২, তৃতীয় ম্যাচে জাম্মু ও কাশ্মীরের বিপক্ষে ১৩৯। চান্ডিগাড়ের বিপক্ষে ৬ রানে ফেরার পর বারোদার বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেন তিনি।
পরের ম্যাচে আবার দেড়শ ছুঁতে পারেননি তিনি অল্পের জন্য, এবার উত্তর প্রদেশের বিপক্ষে করেন ১৪৭। পরের দুই ম্যাচে আসাম (৩) ও দিল্লির (৬) বিপক্ষে ভালো করতে না পারলেও, সেমি-ফাইনালে করলেন আরেকটি সেঞ্চুরি।
তার ৫ সেঞ্চুরির ৪টিই রান তাড়ায়।
