২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান বিতর্ক: ম্যাচ রেফারি পাইক্রফটের ‘অবিলম্বে অপসারণ’ চাইলেন পিসিবি প্রধান

টসের সময় অধিনায়কদের করমর্দন না করতে অ্যান্ডি পাইক্রফট নাকি অনুরোধ করেছিলেন, পিসিবির এমন অভিযোগ আনার পরদিন এই দাবি তুললেন মহসিন নাকভি।

ভারত-পাকিস্তান বিতর্ক: ম্যাচ রেফারি পাইক্রফটের ‘অবিলম্বে অপসারণ’ চাইলেন পিসিবি প্রধান
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 07:01 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ভারত ও পাকিস্তানের লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।  

এশিয়ার দুই পরাশক্তি রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়। ‘টসের সময় দুই অধিনায়ককে করমর্দন না করার জন্য পাইক্রফট অনুরোধ করেন’ বলে সেদিনই অভিযোগ আনে পিসিবি। এর পরদিন ম্যাচ রেফারিকে সরিয়ে দেওয়ার দাবি তুললেন নাকভি, যিনি পিসিবির পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। এক্স বার্তায় তিনি এ বিষয়ে আইসিসির শরণাপন্ন হওয়ার কথা জানান।  

“ম্যাচ রেফারি কর্তৃক আইসিসির আচরণবিধি ও এমসিসির স্পিরিট অব দা ক্রিকেট সম্পর্কিত আইন লঙ্ঘনের ব্যাপারে আইসিসির কাছে অভিযোগ এনেছে পিসিবি। এশিয়া কাপ থেকে তাৎক্ষণিকভাবে এই ম্যাচ রেফারির অপসারণ চায় পিসিবি।”  

একপেশে ম্যাচে ৭ উইকেটে জয়ের পর পাকিস্তান দলের কারো সঙ্গে করমর্দন করেননি ভারতের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কেউ। ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ বলেন, দেশের সরকার ও ক্রিকেট একাত্ম থেকে সিদ্ধান্ত নিয়েছে।’ 

এর প্রতিক্রিয়ায় ম্যাচ পরবর্তী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তান কোচ মাইক হেসন বলেন, ভারতের সিদ্ধান্ত ‘হতাশাজনক।’

এসিসির এই টুর্নামেন্টে আইসিসির কোনো সাংগঠনিক ভূমিকা নেই। তবে ম্যাচ রেফারি পাঠিয়েছে আইসিসিই। ম্যাচ রেফারি সরিয়ে নেওয়া এবং নতুন একজনকে নিয়োগ দিতে হলে আইসিসির সম্পৃক্ততা অনিবার্য। এবারের এশিয়া কাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডেরও এতে ভূমিকা থাকতে পারে। 

ভারত-পাকিস্তান ম্যাচটি নিয়ে এটা নাকভির দ্বিতীয় বার্তা। পাকিস্তানের হারের পরপরই তিনি প্রথম পোস্টে দাবি করেন, ‘খেলাটিতে রাজনীতি নিয়ে এসেছে ভারত’ এবং তাদের ‘স্পোর্টসম্যানশিপের’ ঘাটতি আছে। ভারত অধিনায়ক সুরিয়াকুমার সংবাদ সম্মেলনে বলেন, ‘জীবনের কিছু বিষয় স্পোর্টসম্যান’স স্পিরিটের চেয়ে গুরুত্বপূর্ণ।’  

গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নানা ঘটনাপ্রবাহে যুদ্ধ শুরু হয়েছিল এই দুই দেশের। সেই যুদ্ধ পরে থেমে গেলেও উত্তেজনার রেশ রয়ে যায়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে ভারত দলের প্রতি আহ্বান জানিয়েছিলেন অনেকে। তাতে এশিয়া কাপ নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

অনেক টানাপোড়েনের পর, ক্রীড়াক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারত সরকার নিজেদের অবস্থান পরিষ্কার করলে শঙ্কা কেটে যায়। ভারত দলকে বহুজাতিক ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়, তবে মানা করা হয় দ্বি-পাক্ষিক খেলাকে। 

ম্যাচ শেষে পাকিস্তান দলের সঙ্গে ভারতের হাত না মেলানো নিয়ে ওঠা এই বিতর্ক আগামী রোববার আবার সামনে আসতে পারে। 

পাকিস্তান যদি নিজেদের পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারে, তাহলে সুপার ফোরে উঠে যাবে দলটি। ফলে আগামী ২১ সেপ্টম্বর ফের দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে তারা।