ভারতে সেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারান এক ক্রিকেটারও
ইংল্যান্ডের ক্লাবের হয়ে গত বছর ২০ ম্যাচে ২৯ উইকেট নিয়েছিলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন এক ক্রিকেটারও। ২৩ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার দির্ধ প্যাটেল লন্ডনগামী সেই ফ্লাইটে ছিলেন।
গত বৃহস্পতিবার উড্ডয়নের মাত্র ৩৬ সেকেন্ড পরই এয়ার ইনডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানবন্দর থেকে দুই কিলোমিটার দূরে একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। সেই ফ্লাইটে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয় এবং দুর্ঘটনায় আরও অনেকে নিহত হন।
গুজরাটে জন্ম নেওয়া প্যাটেল ২০২৪ সালে ইংল্যান্ডের লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন। ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ড থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে এমএসসি সম্পন্ন করা প্যাটেল এয়ারডেল অ্যান্ড ওয়ার্ফেডেল সিনিয়র ক্রিকেট লিগে মৌসুমে ২০ ম্যাচে প্রথম একাদশের হয়ে ৩১২ রান করার পাশাপাশি ২৯ উইকেট নিয়েছিলেন।
ইয়র্কশায়ার ভিত্তিক লিগটি তাদের ওয়েবসাইটে বিবৃতিতে লিখেছে, নতুন চাকরিতে স্থায়ী হওয়ার পর ‘বিদেশি বংশোদ্ভূত ইংলিশ রেসিডেন্ট খেলোয়াড়’ হিসেবে নিবন্ধন করার ইচ্ছা ছিল প্যাটেলের।
তার ভাই কৃতিক প্যাটেলও ক্রিকেট খেলেন এবং তিনি পুল সিসির প্রতিনিধিত্ব করেছেন।
