Published : 16 Aug 2026, 01:39 AM
তিনশ ছোঁয়া লক্ষ্য তাড়ায় প্রথম ছয় ওভারের মধ্যে দুই ওপেনারকে হারানোর ধাক্কা। সেখান থেকে এমন এক জুটি গড়লেন সেদিকউল্লাহ আটাল ও রেহমাত শাহ, তাতে গড়া হয়ে গেল দলের জয়ের ভিত। তাদের রেকর্ড জুটির নৈপুণ্যে দারুণ জয়ে সিরিজ শেষ করল আফগানিস্তান।
আয়ারল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে আফগানদের জয় ৬ উইকেটে। রেহমাতের দল সিরিজ জিতেছে ৪-০ ব্যবধানে।
বেলফাস্টে শনিবার আয়ারল্যান্ড ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৯৮ রান।
ছয় নম্বরে নেমে সাত চার ও চার ছক্কায় ৮৪ বলে ৯৬ রান করেন কার্টিস ক্যাম্ফার। চার নম্বরে হ্যারি টেক্টর করেন ৮০ বলে ৫৩ রান।
জবাবে ২২ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে, আফগানিস্তান লক্ষ্য ছুঁয়ে ফেলে ৭ বল বাকি থাকতে।
ওয়ানডেতে তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। ২০২৩ বিশ্বকাপে চেন্নাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২৮৩ রানের লক্ষ্য তাড়ায় জয় ছিল দলটির আগের রেকর্ড।
চারে নেমে ১৩ চার ও দুই ছক্কায় ১৩৩ বলে অপরাজিত ১৪৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচসেরা হন রেহমাত। ওয়ানডেতে তার ষষ্ঠ সেঞ্চুরি এটি, ২০২১ সালের জানুয়ারির পর প্রথম।
আগের ম্যাচে ১৪৩ রান করা সেদিকউল্লাহ আরেকটি সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হন ৯৮ রানে। তার ১১২ বলের ইনিংসটি গড়া সাত চার ও তিন ছক্কায়।
সেদিকউল্লাহ ও রেহমাতের তৃতীয় উইকেট জুটিতে আসে ২১০ বলে ২০১ রান। ওয়ানডেতে তৃতীয় উইকেটে আফগানিস্তানের রেকর্ড জুটি এটি। ২০২১ সালে আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষেই রেহমাত ও হাশমাতউল্লাহ শাহিদির ১৮৪ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ।