Published : 27 Feb 2026, 07:58 PM
এই মৌসুমের রাঞ্জি ট্রফি জুড়ে দুর্দান্ত বোলিং করা আকিব নাবি জ্বলে উঠেছেন ফাইনালেও। আসরে আরও একবার পাঁচ উইকেট নিয়ে তিনি স্পর্শ করেছেন দারুণ এক মাইলফলক। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ সৌরভ গাঙ্গুলি। ২৯ বছর বয়সী এই পেসারকে দ্রুতই জাতীয় দলে নেওয়া উচিত বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান।
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী লড়াইয়ে জাম্মু ও কাশ্মীরের হয়ে কার্ণাটাকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন নাবি। এর মধ্যে আছে ভারতের টেস্ট ব্যাটসম্যান লোকেশ রাহুল, কারুন নায়ার ও কার্ণাটাকার হয়ে সর্বোচ্চ ১৬০ রান করা মায়াঙ্ক আগারওয়ালের উইকেট।
যে উইকেটে বোলিং করতে সংগ্রাম করেছেন কার্ণাটাকার বোলাররা, যেখানে তাদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮৪ রান করেছে জাম্মু ও কাশ্মীর, সেখানেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন নাবি। তার চমৎকার বোলিংয়ে ২৯৩ রানে অলআউট হয়ে গেছে কার্ণাটাকা।
ম্যাচের তৃতীয় দিন নাবি উইকেট নিয়েছিলেন তিনটি। শুক্রবার চতুর্থ দিন নেন দুটি।
এবারের রাঞ্জি ট্রফিতে মোট সাতবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। কোয়ার্টার-ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত পাঁচ ইনিংসের মধ্যে চারটিতেই পেলেন এই স্বাদ। অন্য ইনিংসটিতে পাঁচ উইকেট পাননি একটির জন্য।
১০ ম্যাচের ১৭ ইনিংসে ১২.৫৬ গড়ে ৬০ উইকেট নিয়ে, মায়াঙ্ক মিশরাকেকে (৫৯) পেছনে ফেলে আসরের সর্বোচ্চ উইকেট শিকারিও এখন তিনিই।
রাঞ্জি ট্রফির ৯২ বছরের ইতিহাসে তৃতীয় পেসার ও পেস-স্পিন মিলিয়ে সপ্তম বোলার হিসেবে এক আসরে ৬০ উইকেটের মাইলফলক ছুঁলেন নাবি। এই কীর্তি গড়া জাম্মু ও কাশ্মীরের প্রথম বোলার তিনি।
পেসারদের মধ্যে নাবির আগে সবশেষ এই স্বাদ পেয়েছিলেন জয়দেব উনাদকাট, ২০১৯-২০ আসরে সৌরাষ্ট্রের হয়ে ৬৭ উইকেট নিয়েছিলেন তিনি।
ফাইনালে নাবি পাঁচ উইকেট নেওয়ার পর সাবেক ভারতীয় ব্যাটসম্যান সৌরভ সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, জাতীয় দলের হয়ে খেলার এখনই সময় এই বোলারের।
“জাম্মু ও কাশ্মীর বিশ্বকে দেখিয়েছে যে, প্রচেষ্টা আর আকাঙ্ক্ষা কী করতে পারে… তারা এই অঞ্চলকে গর্বিত করেছে… কঠিন পরিবেশ মানুষকে আরও শক্ত করে তোলে। জাতীয় দলে ঢোকার পথে আকিব নাবি… গ্রীষ্মে ইংল্যান্ডই শুরু করার জায়গা।”
আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরে সাদা বলের সিরিজ খেলবে ভারত। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা। সেদিকেই ইঙ্গিত করেছেন সৌরভ।
গত মৌসুম থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ সময় কাটছে নাবির। ১৫ ইনিংসে ৪৪ উইকেট নিয়ে রাঞ্জি ট্রফির গত আসরে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। রেকর্ড ৬৯ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন বাঁহাতি স্পিনার হার্শ দুবে।
২০২৪-২৫ মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১১০ উইকেট নিয়েছেন নাবি। গত আইপিএলের নিলামে তাকে আট কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
তার দল জাম্মু ও কাশ্মীর ৬৭ বছরের অপেক্ষা ঘুচিয়ে এবারই প্রথম রাঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে। প্রথম ইনিংসে ২৯১ রানের লিড পেয়ে শিরোপার সুবাসও পাচ্ছে তারা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৮৬ রান করে, ৪৭৭ রানে এগিয়ে আছে দলটি। এখন ম্যাচ ড্র হলেই ট্রফি উঁচিয়ে ধরবে তারা।