বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরানো: আইসিসির ভেতরে সমস্যা দেখছে ডব্লিউসিএ
ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রধান নির্বাহী টম মোফাটের মতে, ক্রিকেটে বিভক্তি না তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ রাখা উচিত আইসিসির।
বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপের কথা ভাবতে পারছেন না ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রধান নির্বাহী টম মোফাট। তার মতে, ক্রিকেটে বিভক্তি না তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ রাখা উচিত আইসিসির। বাংলাদেশকে বৈশ্বিক আসর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার ভেতরে সমস্যা দেখছেন তিনি।
নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে দাবি জানায় বাংলাদেশ। কিন্তু তাতে সাড়া দেয়নি আইসিসি। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় তারা।
একই কারণে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। শুধু তাই নয়, দুবাইয়ে একই হোটেলে থেকে, একই ভেন্যুতে নিজেদের সবগুলো ম্যাচ খেলেছে তারা। শেষ পর্যন্ত শিরোপাও ঘরে তুলেছে ভারত।
বাংলাদেশের ক্ষেত্রে উল্টো দলটিকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির দ্বিচারিতার কথা বলছেন অনেকে। অভিযোগ উঠছে আইসিসির পক্ষপাতিত্বেরও।
মোফাট অবশ্য ওই আলোচনায় যাননি। তিনি আইসিসিকে আহ্বান জানিয়েছেন, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার।
“টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়া, আর এর মানে হলো ক্রিকেটের শীর্ষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি আসরে একটি মূল্যবান ক্রিকেট জাতির অনুপস্থিতি। এটা আমাদের খেলাধুলা, বাংলাদেশের খেলোয়াড় এবং সমর্থকদের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। এই ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে ভাবা উচিত।”
“বিভাজন কিংবা বর্জনকে প্রাধান্য দেওয়ার সুযোগ না দিয়ে, আমরা খেলাটির নেতৃত্বে থাকাদের প্রতি আহ্বান জানাচ্ছি- তারা যেন নিয়ন্ত্রক সংস্থা, লিগ ও খেলোয়াড়সহ সব অংশীদারদের সঙ্গে একসাথে কাজ করেন, যেন খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করা যায়।”
সমস্যা সমাধান না করে দল বাদ দেওয়ার পথে হেঁটে ঠিক করেনি আইসিসি, ভাবনা মোফাটের। এভাবে চলতে থাকলে ক্রিকেট খেলাটির প্রতি সবার বিশ্বাস কমতে শুরু করবে বলে মনে হচ্ছে তার।
“এটা বৈশ্বিক পর্যায়ে খেলাটির বিদ্যমান পরিচালনা কাঠামোর গুরুতর সমস্যাগুলোকেও সামনে এনে দেয়। এই সমস্যাগুলো যদি অব্যাহতভাবে সমাধান না করা হয়, তাহলে এটা বিশ্বাস, ঐক্যকে দুর্বল করে দেবে এবং শেষ পর্যন্ত আমাদের প্রিয় খেলাটির সুরক্ষা ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে।”
ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
