২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে বিশ্বকাপজয়ী কোচ ম্যাথু মট

এই অস্ট্রেলিয়ানকে সহকারী কোচের দায়িত্ব দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে বিশ্বকাপজয়ী কোচ ম্যাথু মট
ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা কোচ ম্যাথু মট। ছবি: দিল্লি ক্যাপিটালস এক্স পাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2025, 08:57 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

কোচিং স্টাফে নতুন সদস্য যোগ করেছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের আসছে আসরের জন্য ম্যাথু মটকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

প্রধান কোচ হিসেবে বেশ সফল মট। পুরুষ ও নারী; দুই বিভাগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি। তার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে সফল সময় কেটেছে অস্ট্রেলিয়া নারী দলের সঙ্গে; ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত দলটির হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন মট।

২০২২ সালে সাদা বলে ইংল্যান্ড পুরুষ দলের দায়িত্ব নেন তিনি। ওই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জেতে ইংলিশরা। কিন্তু তার কোচিংয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। এরপর গত জুলাইয়ে দায়িত্ব ছেড়ে দেন মট।

ইংল্যান্ড অধ্যায়ের পর বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সহকারী কোচের দায়িত্ব দেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তিন বছরের চুক্তি করেন এই অস্ট্রেলিয়ান কোচ।

সিডনি সিক্সার্সের পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের দায়িত্বও পালন করবেন মট। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে আছেন হেমাঙ্গ বাদানি। বিশ্বকাপজয়ী মুনাফ প্যাটেল তাদের বোলিং কোচ।

এর আগেও আইপিএলে কাজ করেছেন মট। ২০০৮ ও ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ছিলেন তিনি।

আগামী ২২ মার্চ শুরু হবে চলতি বছরের আইপিএল। দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে ২৪ মার্চ, লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।