২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড পুঁজি গড়ে কিউইদের হারাল ভারত

প্রথম টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

রেকর্ড পুঁজি গড়ে কিউইদের হারাল ভারত
অনায়াস জয়ে সিরিজ শুরু ভারতের। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 11:20 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ঝড়ো ব্যাটিংয়ে দারুণ এক ইনিংস খেললেন আভিশেক শার্মা। শেষ দিকে রিঙ্কু সিংয়ের তাণ্ডবে নিউ জিল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ গড়ল ভারত। রান তাড়ায় গ্লেন ফিলিপস ছাড়া ভালো করতে পারলেন না সফরকারীদের কেউ। বড় জয়ে সিরিজ শুরু করল স্বাগতিকরা।

নাগপুরে বুধবার প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানে জিতেছে ভারত। ২৩৮ রানের পুঁজি গড়ে কিউইদের তারা থামিয়ে দিয়েছে ১৯০ রানে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এর আগেও চার দফায় দুইশ রান করেছিল ভারত। এবার আগের সর্বোচ্চ ২৩৪ রান ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল তারা।

ইনিংস শুরু করতে নেমে ৮ ছক্কা ও ৫ চারে ৩৫ বলে ৮৪ রান করেন আভিশেক। সাতে নামা রিঙ্কু অপরাজিত থাকেন ৩ ছক্কা ও ৪টি চারে ২০ বলে ৪৪ রান করে।

নিউ জিল্যান্ডের হয়ে ৬টি ছক্কা ও ৪টি চারে ৪০ বলে ৭৮ রানের ইনিংস খেলেন ফিলিপস। এছাড়া তাদের আরও চার ব্যাটসম্যান পার করেন বিশের ঘর; কিন্তু কেউই ছুঁতে পারেননি ফিফটি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই সাঞ্জু স্যামসনকে হারায় ভারত। কাইল জেমিসনকে দুই চার মারা কিপার-ব্যাটসম্যান ধরা পড়েন মিডউইকেটে। মুখোমুখি প্রথম বলে চার মেরে রানের খাতা খোলা ইশান কিষানকে দুই অঙ্কে যেতে দেননি জেকব ডাফি।

২৭ রানে ২ উইকেট হারানো ভারত আভিশেকের ব্যাটে পাওয়ার প্লে শেষ করে ৬৮ রান নিয়ে। ম্যাচের বৈধ ষষ্ঠ বলে ছক্কা মারা ওপেনার পরে দুটি ছক্কা হাঁকান জেমিসনকে।

গ্লেন ফিলিপসকে টানা তিন চারের পর সিঙ্গল নিয়ে ২২ বলে ফিফটি স্পর্শ করেন আভিশেক। ভারতের জার্সিতে এটি তার ষষ্ঠ ফিফটি।

আরেক প্রান্তে সুরিয়াকুমার ইয়াদাভও ছিলেন আত্মবিশ্বাসী। কিন্তু ভালো শুরু পাওয়া ভারত অধিনায়ক খেলতে পারেননি বড় ইনিংস। একাদশ ওভারে তার বিদায়ে ভাঙে ৪৭ বল স্থায়ী ৯৯ রানের জুটি।

পরের ওভারের প্রথম তিন বলে ইশ সোধিকে একটি চার ও দুটি ছক্কা হাঁকান আভিশেক। ওভারের শেষ বলে বাজে তার বিদায় ঘণ্টা। আরেকটি ছক্কার চেষ্টায় লং অনে ধরা পড়েন তিনি।

ইনিংসটির পথে স্বীকৃত টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন আভিশেক, দুই হাজার ৮৯৮ বলে। এই সংস্করণে বল সংখ্যা বিবেচনায় যা দ্রুততম। তিনি ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের দুই হাজার ৯৪২ বলে পাঁচ হাজার রান ছোঁয়ার আগের রেকর্ড।

শিভাম দুবেকে দ্রুত ফিরিয়ে দেন জেমিসন। এক ছক্কা ও ৩টি চারে ১৬ বলে ২৫ রান করা হার্দিক পান্ডিয়া ফেরেন ডাফির বলে। আকসার প্যাটেলও পারেননি টিকতে।

শেষ দিকে দলের রান বাড়ানোর দায়িত্ব নেন রিঙ্কু সিং। কিউইদের হয়ে টি-টোয়েন্টিতে অভিষিক্ত ক্রিস্টিয়ান ক্লার্ককে ছক্কার পর চার মারেন তিনি। ইনিংসের শেষ ওভারে ড্যারিল মিচেলের ওপর ঝড় বইয়ে দেন বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম দুই বলে ছক্কার পর শেষ তিন বলে মারেন দুটি চার। ওভারটি থেকে আসে ২১ রান।

পাহাড়সম লক্ষ্য তাড়ায় কিউইদের শুরুটা হয় বাজে। ইনিংসের দ্বিতীয় বলে কট বিহাইন্ড হয়ে যান ডেভন কনওয়ে। পরের ওভারে রাচিন রাভিন্দ্রাকে বিদায় করে দেন হার্দিক পান্ডিয়া।

১ রানে ২ উইকেট হারানো দলের হাল বেশিক্ষণ ধরতে পারেননি টিম রবিনসন। এক ছক্কা ও ২ চারে ২১ রান করেন এই ওপেনার। তবে গ্লেন ফিলিপসের সঙ্গে তার ৫১ রানের জুটিতে শুরুর ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠে নিউ জিল্যান্ড।

সফরকারীদের রানের চাকায় দম দেন মূলত ফিলিপস। মুখোমুখি দ্বিতীয় বলে আর্শদিপ সিংকে চার মারেন তিনি। ওই ওভারের শেষ বলে হাঁকান ছক্কা। দ্রুত রান তুলে ২৯ বলে ফিফটিতে পা রাখেন তিনি।

ফিলিপসের সঙ্গে মার্ক চ্যাপম্যানের জুটি জমে উঠতে থাকে। দ্বাদশ ওভারে দুবেকে একটি করে ছক্কা মারেন দুইজন। ভারুন চক্রবর্তীকে ছক্কার পর আকসারকে টানা চার ও ছক্কা মারেন ফিলিপস। কিন্তু পরের বলে আরেকটি ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরে পড়েন তিনি। ভাঙে ৭৯ রানের জুটি।

২ ছক্কা ও ৪টি চারে ৩৯ রান করে ফেরেন চ্যাপম্যান। মিচেলের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৮ রান। স্যান্টনার অপরাজিত থেকেন ১৩ বলে ২০ রান করেন। তাদের ইনিংসগুলো কেবল হারের ব্যবধানই কমাতে পারে।

রায়পুরে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২৩৮/৭ (স্যামসন ১০, আভিশেক ৮৪, কিষান ৮, সুরিয়াকুমার ৩২, হার্দিক ২৫, শিভাম ৯, রিঙ্কু ৪৪*, আকসার ৫, আর্শদিপ ৬*; ডাফি ৪-০-২৭-২, জেমিসন ৪-০-৫৪-২, ক্লার্ক ৪-০-৪০-১, সোধি ৩-০-৩৮-১, ফিলিপস ১-০-২০-০, স্যান্টনার ৩-০-৩৭-১, মিচেল ১-০-২১-০)

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৯০/৭ (কনওয়ে ০, রবিনসন ২১, রাভিন্দ্রা ১, ফিলিপস ৭৮, চ্যাপম্যান ৩৯, মিচেল ২৮, স্যান্টনার ২০*, ক্লার্ক ০, জেমিসন ১*; আর্শদিপ ৪-০-৩১-১, হার্দিক ২-০-২০-১, জাসপ্রিত ৩-০-২৯-০, আকসার ৩.৩-০-৪২-১, ভারুন ৪-০-৩৭-২, শিভাম ৩-০-২৮-২, আভিশেক ০.৩-০-৩-০)

ফল: ভারত ৪৮ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আভিশেক শার্মা

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ভারত