ব্যর্থতার জাল ছিঁড়ে সাকিবের ২ উইকেট
৪ ওভার বোলিং করে কোনো বাউন্ডারি হজম করেননি এমআই এমিরেটসের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
আগের দুই ম্যাচে বিবর্ণ সাকিব আল হাসান এবার জ্বলে উঠলেন বল হাতে। তার বাঁহাতি স্পিন যেন খেলতেই পারছিলেন না প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। দুর্দান্ত বোলিংয়ে দুই শিকার ধরলেন তিনি ওভারপ্রতি স্রেফ সাড়ে তিন করে রান দিয়ে।
আইএল টি-টোয়েন্টিতে রোববার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভার করে স্রেফ ১৪ রান দেন সাকিব। কোনো বাউন্ডারি হজম করেননি তিনি। ২৪ বলের অর্ধেকটিই ডট খেলান এমআই এমিরেটসের এই অলরাউন্ডার।
২০ ওভারে ভাইপার্স করতে পারে ১২৪। এমিরেটস ৪ উইকেটে জিতে যায় ১৫ বল বাকি থাকতে।
ছয় নম্বরে নেমে ভীষণ মন্থর ব্যাটিং করেন সাকিব। একপর্যায়ে তার রান ছিল ২৪ বলে ১৩। ছিল না কোনো বাউন্ডারি। ২৫তম বলে চার মেরে দলের জয় নিশ্চিত করে, ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার।
ম্যাচ-সেরার পুরস্কার জেতেন তিনিই।
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগে এটি সাকিবের প্রথম আসর। কিন্তু শুরুটা একদমই ভালো হয়নি তার। অভিষেক ম্যাচে শারজাহ ওয়ারিয়র্জের বিপক্ষে ১২ বলে ১৬ রান করার পর তাকে তুলে নেয় দল। ক্যারিয়ারে প্রথমবারের মতো রিটায়ার্ড আউটের অভিজ্ঞতা হয় তার। পরে বোলিংয়ে ২ ওভারে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
৪ ম্যাচ পর শনিবার সাকিবকে একাদশে ফেরায় এমআই এমিরেটস। আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। পরে বোলিংয়েও পারেননি দলের প্রত্যাশা পূরণ করতে। ২ ওভারে ২০ রান দিয়ে পাননি কোনো উইকেট।
ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে তাই সাকিবের একাদশে জায়গা পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারের ওপর আস্থা রাখে এমআই এমিরেটস। দুর্দান্ত বোলিংয়ে সেই প্রতিদানও দেন তিনি।
এদিন পাওয়ার প্লে শেষ হতেই সাকিবকে আক্রমণে আনেন অধিনায়ক কাইরন পোলার্ড। নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম পাঁচ বলে চার দেন সাকিব। শেষ ডেলিভারিটি জোরের ওপর করেন তিনি। পা বাড়িয়ে খেলার চেষ্টায় স্টাম্পড হন ফাখার জামান।
নবম ওভারে ফের বল হাতে পেরে দ্বিতীয় বলেই দলকে সাফল্য এনে দেন সাকিব। একটু টেনে করা ডেলিভারিটিতে বোলারকে ফিরতি ক্যাচ দেন স্যাম কারান। দুর্দান্ত বোলিংয়ের ওই ওভারে স্রেফ ৩ রান দেন সাকিব।
একাদশ ওভারেও অসাধারণ বোলিং করেন সাকিব। জেসন রয় ও ড্যান লরেন্স মিলে নিতে পারেন স্রেফ তিন রান।
নিজের কোটার শেষ ওভারটি করতে আসেন সাকিব পঞ্চদশ ওভারে। এরপর প্রথম তিন বলে কোনো রান নিতে পারেননি রয়। চতুর্থ ডেলিভারিতে সিঙ্গল ও পঞ্চমটিতে আসে ডাবল। শেষ বলে আসেনি রান।
সাকিব ছাড়া এমআই এমিরেটসের হয়ে ২ উইকেট নেন আর জহুর খান।
