২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৭৩ ম্যাচে ৩ টাই : বিপিএলের যত সুপার ওভার

বিপিএলের ১২ আসর মিলিয়ে ‘টাই’ ম্যাচ হয়েছে স্রেফ ৩টি, তৃতীয় সুপার ওভারটি মঞ্চস্থ হলো সিলেটে রাজশাহী-রংপুরের ম্যাচে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 09:00 AM

Updated : 26 Aug 2026, 05:29 PM

বিপিএলে মৌসুম থেকে মৌসুমে ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারাবাহিকতা থাকে না। আঞ্চলিকতাও সেভাবে জমে ওঠে না। নইলে রাজশাহী আর রংপুরের লড়াইকে অনায়াসেই বলা যেত ‘উত্তরের লড়াই।’ কেতাবি তেমন কোনো নাম না পেলেও দুই দলের লড়াই এবার জমে উঠল দারুণ। পরাজয়ের দুয়ার থেকে অভাবনীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ‘টাই’ করল রাজশাহী ওয়ারিয়র্স। পরে সুপার ওভারে সুপার পারফরম্যান্সে হারিয়ে দিল তারা ফেভারিট রংপুর রাইডার্সকে।

বিপিএলে ‘টাই’ ম্যাচ যথেষ্টই বিরল। টুর্নামেন্টের দ্বাদশ আসর চলছে। সিলেটে বৃহস্পতিবার রাতে রাজশাহী ও রংপুরের লড়াইটি ছিল এই টুর্নামেন্টের পথচলায় ৪৭৩তম ম্যাচ। খেলা ‘টাই’ হলো বা সুপার ওভারে গড়াল এই নিয়ে মাত্র তৃতীয়বার।

একটা পর্যায়ে যদিও সহজ জয়ের পথেই ছিল রংপুর। ১৬০ রান তাড়ায় শেষ ১৮ বলে তাদের প্রয়োজন ছিল মাত্র ২২ রান। উইকেট বাকি তখনও ৮টি। 

সেই ম্যাচ শেষ ওভারে যাওয়ারই কথা নয়। তবু শেষ ওভারেও কাজটা কঠিন ছিল না। প্রয়োজন ছিল স্রেফ ৭ রান। উইকেটও ছিল সাতটি। 

শেষ ওভারের প্রথম বলে উইকেট পতনের পরও বিপদটা বোঝা যায়নি। দ্বিতীয় বলেই বাউন্ডারি মারেন নুরুল হাসান সোহান। চার বলে তখন লাগে তিন রান। জয় তো কেবল সময়ের ব্যাপার। 

সেখান থেকেই রিপন মন্ডলের দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়ায় রাজশাহী। তৃতীয় বলে রান হয়নি। চতুর্থ বলে রান আসে দুটি। দুই বলে তখন লাগে এক রান। পঞ্চম বলে ক্যাচ হয়ে ড্রেসিং রুমে ফেরেন সোহান। শেষ বলে এক রানের সমীকরণে ব্যর্থ হন মাহমুদউল্লাহ। ৩৮ বছর বয়সী ক্রিকেটার ৩৫০তম ম্যাচে ফুল টস ডেলিভারিকে পাঠিয়ে দেন ফিল্ডার সোজা। সিঙ্গল নেওয়ার চেষ্টায় হয়ে যান রান আউট।

সুপার ওভারে সেই রিপন আবার দুর্দান্ত বোলিং করেন। দুটি ওয়াইড দেওয়ার পরও তার ওভার থেকে রান আসে মাত্র ৬। সেই রান তাড়ায় জিততে কোনো বেগ পেতে হয়নি রাজশাহীকে। মুস্তাফিজুর রহমানের তিন বলেই দলকে জিতিয়ে দেন তানজিদ হাসান।

এই ম্যাচ দিয়ে বিপিএলে সুপার ওভার হলো ৬ বছর পর। আগেরটিও হয়েছিল এই মাঠেই, ২০২০ সালের ২ জানুয়ারি। 

কুমিল্লা ওয়ারিয়র্স ২০ ওভারে করতে পারে ১৪০ রান। ইবাদত হোসেন ও শেরফেন রাদারফোর্ড উইকেট নেন তিনটি করে, সোহাগ গাজী দুটি। রান তাড়ায় শেষ ২৪ বলে সিলেট থান্ডারের প্রয়োজন পড়ে ৩৮ রানের। উইকেট বাকি ৫টি। সোহাগ খেলছিলেন ২৯ বলে ৫১ রান করে।

এরপর নাটকীয় এক ওভারে স্রেফ এক রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় পুরো ঘুরিয়ে দেন আফগান রহস্য স্পিনার মুজিব-উর-রাহমান। 

তবে এরপর আল আমিন হোসেনের ওভারে দুটি চার মারেন দশে নামা মনির হোসেন, ছক্কা মারেন ১৯তম ওভারে ডেভিড ভিসাকে। শেষ ওভারে যখন প্রয়োজন ১৫ রান, আল আমিনের প্রথম দুই বলেই চার মেরে দেন ৯ নম্বরে নামা নাভিন-উল-হাক।

পরের বলেই নাভিন রান আউট হয়ে যান দ্বিতীয় রানের চেষ্টায়। পরের দুই বলে আসে তিন রান।

শেষ বলে যখন প্রয়োজন তিন রান, আল আমিন করে বসেন ওয়াইড। এরপর শেষ বলে দ্বিতীয় রানের চেষ্টায় রান আউট হন মনির। ম্যাচ গড়ায় সুপার ওভারে। 

সুপার ওভারে মুজিবের প্রথম বলে চার মারেন আন্দ্রে ফ্লেচার। কিন্তু দুই ক্যারিবিয়ান ফ্লেচার ও রাদারফোর্ড পরের পাঁচ বলে নিতে পারেন মাত্র দুই রান।

সাত রানের পুঁজি নিয়ে নাভিন বোলিংয়ের শুরুটা ভালোই করেন। প্রথম দুই বলে তিন রান দেন তিনি, পরের বলে আউট করে দেন সৌম্য সরকারকে। তবে চতুর্থ বলে চার মেরে দেন ভিসা। পঞ্চম বলে সিঙ্গল নিয়ে ম্যাচ জিতে যায় সিলেট থান্ডার। 

বিপিএলের প্রথম সুপার ওভারটি হয়েছিল ২০১৯ সালের ১২ জানুয়ারি মিরপুরে। খুলনা টাইটান্স ২০ ওভারে তোলে ১৫১ রান। রান তাড়ায় শেষ দুই ওভারে চিটাগং ভাইকিংসের প্রয়োজন ছিল ২৩ রান। উইকেট বাকি ছিল চারটি। ১৯তম ওভারে দারুণ বোলিংয়ে মাত্র চার রান দেন পাকিস্তানি পেসার জুনাইদ খান।

শেষ ওভারে প্রয়োজন পড়ে ১৯ রানের। বোলিংয়ে আসেন আরিফুল হক। ব্যাটসম্যান নাঈম হাসান প্রথম বলে রান নিতে পারেনি, পরের বলে মারেন ছক্কা। তৃতীয় বলে তিনি আউট হয়ে যান। তবে প্রান্ত বদল হওয়ায় স্ট্রাইকে আসে রবি ফ্রাইলিঙ্ক।

প্রোটিয়া অলরাউন্ডার পরের দুই বলেই দুটি ছক্কা মেরে দেন। শেষ বলে যখন প্রয়োজন এক রান, আরিফুলের স্লোয়ারে ব্যাটে-বলে করতে পারেনি ফ্রাইলিঙ্ক। ‘বাই’ রান নেওয়ার চেষ্টায় রান আউট হন তিনি।

সুপার ওভারে জুনাইদের বোলিংয়ে একটি চার মারেন ক্যামেরন দেলপোর্ত, আরেকটি মারেন ফ্রাইলিঙ্ক। চিটাগং ভাইকিংস তোলে ১১ রান।

ফ্রাইলিঙ্ক এরপর বল হাতে জিতিয়ে দেন দলকে। তার প্রথম বলে সিঙ্গল নেন কার্লোস ব্র্যাথওয়েট, পরের বলে চার মারেন দাভিদ মালান। তৃতীয় বলে এই ইংলিশ ব্যাটসম্যান নেন দুটি রান। 

চতুর্থ বলে রান আউট হয়ে যান ব্র্যাথওয়েট। পরের বলে দুটি রান নেন পল স্টার্লিং। শেষ বলে প্রয়োজন পড়ে তিন রানের। ফ্রাইলিঙ্কের ডেলিভারিতে ব্যাট ছোঁয়াতে পারেননি স্টার্লিং। ‘বাই’ থেকে একটি রান হলেও আরেক রানের চেষ্টায় রান আউট হয়ে যান আইরিশ ব্যাটসম্যান। চিটাগং ভাইকিংস জিতে যায় ১ রানে।