টেস্টে আলো ছড়িয়ে পিএসএলে শামার জোসেফ
ওয়েস্ট ইন্ডিজের এই পেসারকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি।
অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে চমৎকার বোলিং করে আলোড়ন তোলা শামার জোসেফ ডাক পেয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ওয়েস্ট ইন্ডিজের এই পেসারকে দলে টেনেছে পেশাওয়ার জালমি।
পিএসএলের নবম মৌসুমের জন্য সোমবার শামারকে দলে ভেড়ায় পেশাওয়ার। ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের পার্সিয়াল বদলি হিসেবে তাকে দলে নিয়েছে ২০১৭ আসরে শিরোপা জেতা দলটি।
এদিন রিপ্লেসমেন্ট ড্রাফটের পর পিএসএলের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয় শামারের দল পাওয়ার বিষয়টি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইড টেস্ট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন গায়ানার দুর্গম এক গ্রাম থেকে উঠে আসা শামার। ক্যারিয়ারের প্রথম বলেই সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন স্টিভেন স্মিথের উইকেট নিয়ে চমক দেখান তিনি। পরে আরও চার শিকার ধরে গড়েন ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি।
ব্রিজবেনে দ্বিতীয় টেস্টে তো তার অভাবনীয় পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ২১ বছর পর টেস্টে হারায় ওয়েস্ট ইন্ডিজ। চোটের সঙ্গে লড়াই করে, ব্যথানাশক ইনজেকশন নিয়ে টানা ১০ ওভারের এক স্পেলে প্রতিপক্ষের ব্যাটিং গুঁড়িয়ে দেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
ক্যারিবিয়ানদের ৮ রানের অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পথে ধরেন ৭ শিকার। ম্যাচের সেরা তো বটেই, সিরিজ সেরার পুরস্কারও ওঠে শামারের হাতে।
এখন পর্যন্ত দুটি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন শামার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে দুই ম্যাচ খেলে কোনো উইকেট নিতে পারেননি তিনি।
আগামী ১৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে পিএসএলের। পরদিন নিজেদের প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েট
