২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ক্রিকেটার এবার ওমানের অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতিন্দার সিংয়ের ডেপুটি করা হয়েছে ভিনায়াক শুক্লাকে।

আগের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ক্রিকেটার এবার ওমানের অধিনায়ক
জাতিন্দার সিং। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

দুই বছরে বদলে গেল দৃশ্যপট। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের দলেই যার জায়গা হয়নি, সেই জাতিন্দার সিং আগামী বৈশ্বিক আসরে নেতৃত্ব দেবেন ওমানকে। তার ডেপুটির দায়িত্ব পেয়েছেন ভিনায়াক শুক্লা।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ জনের দল দিয়েছে ওমান। সবশেষ এশিয়া কাপের দল থেকে পাঁচটি পরিবর্তন এনেছে তারা।

ফর্মের কারণে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জায়গা হয়নি জাতিন্দারের। তাকে রাখা হয়েছিল রিজার্ভ হিসেবে।

আর এখন টি-টোয়েন্টিতে ওমানের হয়ে সবচেয়ে বেশি রান ৩৬ বছর বয়সী জাতিন্দারের। ৭২ ম্যাচে ৯ ফিফটিতে করেছেন এক হাজার ৬০৫ রান। তার চেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস আছে কেবল সাবেক অধিনায়ক আকিব ইলিয়াসের, ১০টি।

দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ওয়াসিম আলি, কারান সোনাভেল ও জায় ওডেড্রা এবং পেসার শাফিক যান ও জিতেন রামানান্দি। এদের মধ্যে বিশ্বকাপের বাছাই পর্বে খেলেছেন রামানান্দি, জায় ও ওয়াসিম। আর এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট দিয়ে ওমানের জার্সিতে অভিষেক হয়ে শাফিকের। ওই প্রতিযোগিতায় খেলেন সোনাভেলও।

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে ভালো করা আমির কালিমের জায়গা হয়নি বিশ্বকাপ দলে। ওই আসরে ৪৩ বছর ৩০৩ দিন বয়সে ফিফটি করেন তিনি, ভারতের বিপক্ষে। পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে সবচেয়ে বেশি বয়সে ফিফটির রেকর্ড এটি।

বর্তমানে ৪৪ বছর বয়সী কালিম ৫৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ৭১৮ রান করেছেন। বাঁহাতি স্পিনে নিয়েছেন ৪৮ উইকেট।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে ওমান, যেখানে তাদের প্রতিপক্ষ আসরের সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের অভিযান শুরু করবে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান দল: জাতিন্দার সিং (অধিনায়ক), ভিনায়াক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মাদ নাদিম, শাকিল আহমাদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলি, কারান সোনাভেল, ফায়সাল শাহ, নাদিম খান, সুফিয়ান মেহমুদ, জায় ওডেড্রা, শাফিক জান, আশিস ওডেড্রা, জিতেন রামানান্দি, হাসনাইন আলি শাহ।