দুই ম্যাচ কমিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের চাওয়ায় নেমে এসেছে তিন ম্যাচে।
অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। তবে কমে গেছে সিরিজের পরিধি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন রূপ নিয়েছে তিন ম্যাচের সিরিজে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার সামাজিক মাধ্যমে জানায়, দুবাইয়ে দুই দেশের বোর্ড কর্তাদের দীর্ঘ বৈঠকের পর তিন ম্যাচের সিরিজ চূড়ান্ত করা হয়।
তিনটি ম্যাচই হবে লাহোরে। তবে ম্যাচগুলির সূচি এখনও ঘোষণা করা হয়নি।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করা হয়।
সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ে এই সিরিজে। পাকিস্তান সুপার লিগ স্থগিত হয়ে যাওয়ার পর আবার শুরু হলে নতুন সূচিতে ফাইনাল ম্যাচ রাখা হয় ২৫ মে, যেদিন বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার কথা।
এই সিরিজটির সূচিতে পরিবর্তন নিশ্চিত হয়ে যায় তখনই। তবে সিরিজ নিয়েই অনিশ্চয়তা শুরু হয় যুদ্ধের আবহে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে। সফর নিয়ে সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপরই ছেড়ে দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন উড়ে যান দুবাইয়ে। ক্রিকেটারদের পক্ষ থেকে অনুরোধ করা হয় সিরিজ তিন ম্যাচে নামিয়ে আনতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত সেটিই চূড়ান্ত হলো।
