আহমেদাবাদে হৃদয় ভাঙার বেদনা দুবাইয়ে ভুলতে চান গিল
২০২৩ বিশ্বকাপ ফাইনালের ভুল থেকে শিক্ষা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জ্বলে ওঠার আশায় ভারতীয় ওপেনার।
ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনাল। স্বাভাবিকভাবে স্নায়ুর চাপ পেয়ে বসেছিল, উত্তেজনা আর রোমাঞ্চের দোলাও অনুভূত হচ্ছিল। কিন্তু পারফরম্যান্স দিয়ে সেই উপলক্ষ রাঙাতে পারেননি শুবমান গিল। সঙ্গী হয়েছিল হৃদয় ভাঙার বেদনা। ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই হারের ক্ষতে ভারতীয় ব্যাটসম্যান প্রলেপ দিতে চান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে।
আহমেদাবাদে গ্যালারি ভরা দর্শকদের সামনে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে রোহিত শার্মার সঙ্গে ভারতের ইনিংস শুরু করতে নেমেছিলেন গিল। কিন্তু তিনি আউট হয়ে যান ৪ রান করেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরে শিরোপার স্বপ্ন ভাঙে ভারতের।
তারপর থেকে এই সংস্করণে সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গিল। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে খেলেন ৮৭, ৬০ ও ১১২ রানের ইনিংস। সেই ফর্ম বয়ে এনে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রান তাড়ায় করেন ম্যাচ-জয়ী সেঞ্চুরি। পরে পাকিস্তানের বিপক্ষে খেলেন ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
সবশেষ দুই ম্যাচে অবশ্য দুই অঙ্কে যেতে পারেননি এই ওপেনার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২ রানের পর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৮।
দুবাইয়ে রোববার ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আগের দিন আইসিসির সঙ্গে আলাপে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের কথা মনে করে গিল বললেন, তাড়াহুড়ো না করে বড় ইনিংস খেলার জন্য উইকেটে তার আরও বেশি সময় দেওয়া উচিত।
“অবশ্যই ওই ম্যাচে কিছুটা নার্ভাস ছিলাম। অনেক কিছু শিখেছি। ওটা ছিল আমার প্রথম আইসিসি (টুর্নামেন্টের) ফাইনাল... আমি খুব রোমাঞ্চিত ছিলাম, (মনে হচ্ছিল) খেলায় আধিপত্য বিস্তার করার জন্য আমি সময় হারিয়ে ফেলছি। আমার মনে হয় আইসিসির বড় নকআউট ম্যাচে, নিজের ভাবনার চেয়ে একটু বেশি সময় দেওয়া উচিত।”
আইসিসি টুর্নামেন্টে গত কয়েক বছর ধরেই বেশ ধারাবাহিক ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০১৯-২১ ও ২০২১-২৩ চক্রের ফাইনাল খেলেছে তারা। ফাইনাল খেলেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। তবে শিরোপা জিততে পেরেছে শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে।
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ওয়ানডে মৌসুমের শেষটা রাঙিয়ে রাখার আশায় আছেন ভারতের সহ-অধিনায়ক গিল।
“আমরা ২০২৩ সালে (বিশ্বকাপ ফাইনাল) হারলাম, তারপর (২০২৪ সালে) টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলাম। তাই আমার মনে হয়, এই টুর্নামেন্টে আমরা ভালো মোমেন্টাম পেয়েছি। আমাদের জন্য সত্যিই রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে। আর যদি আমরা জিততে পারি, তাহলে আমার মনে হয় এই সংস্করণে মৌসুম শেষ করার জন্য দারুণ কিছু হবে এটা।”
“আমাদের জন্য খুব বড় সুযোগ। এমনিতে যে কোনো আইসিসি টুর্নামেন্ট বা যে কোনো আইসিসি ইভেন্টে আমাদের অনেক দায়িত্ব থাকে, ভক্তদের কাছ থেকে অনেক চাপ থাকে।”
