২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটি ছাড়া সব ডেলিভারি ১৪০ কিলোমিটারের ওপর, নাহিদ শোনালেন রহস্য

বৈশাখের খরতাপের মধ্যেও শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একই গতিতে বল করার অবিশ্বাস্য দক্ষতা দেখিয়েছেন নাহিদ রানা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 08:39 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

প্রথম ডেলিভারিটির গতি ১৪৪.৭ কিলোমিটার। শেষটির গতি ১৪৫.৪ কিলোমিটার। মাঝে সময় বয়ে গেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। নাহিদ রানা বল করেছেন চারটি স্পেলে। এমন তীব্র রোদ ও প্রচণ্ড গরমের মধ্যেও অবিশ্বাস্যভাবে প্রায় একই গতি ধরে রেখেছেন তিনি। ম্যাচের পর বাংলাদেশের ফাস্ট বোলার জানালেন, ফিটনেস নিয়ে কাজ করার সুফল পাচ্ছেন তিনি।

গত দুই বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে গতির প্রদর্শনী মেলে ধরছেন নাহিদ। বাংলাদেশের ইতিহাসের দ্রুততম বোলার তিনি। ঘণ্টায় ১৫০ কিলোমিটার ছাড়িয়েছেন বেশ কবার। ১৪৫ কিলোমিটারের আশেপাশে গতিতে বোলিং করেন তো নিয়মিতই। তবে নিজের সেই মানদণ্ডেও তিনি চমকে দিয়েছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে।

তীব্র তাপপ্রবাহে যেখানে মাঠে টিকে থাকাই কঠিন, সেখানে ১০ ওভারজুড়ে গতির ঝড় ধরে রেখেছেন নাহিদ। তার স্রেফ একটি স্লোয়ার ডেলিভারির গতি ছিল ১১২ কিলোমিটার, বাকি সব ডেলিভারি ছিল ১৪০ কিলোমিটারের ওপর। 

তার এই গতির তাণ্ডবে লন্ডভণ্ড হয়েছে নিউ জিল্যান্ড। ৫ উইকেট নিয়ে নাহিদ হয়েছেন ম্যাচের সেরা।

কিভাবে পারলেন এমন গরমে নিজেকে এতটা মেলে ধরতে? নাহিদ বললেন, সবই ঘাম ঝরানোর পুরস্কার।

“প্রথমত, আলহামদুলিল্লাহ, আল্লাহ ফিট রেখেছেন। দ্বিতীয় হচ্ছে যে, আমি আমার ফিটনেস নিয়ে যে জিনিসটা, সেটা আমি আমার প্র্যাকটিসের বাইরে কিংবা যখন প্র্যাকটিস চলে তখন ফিটনেস ট্রেইনারের সাথে কাজ করি। তাদের সঙ্গে কথা বলি যে কীভাবে নিজের ফিটনেসটা উন্নত করা যায় কিংবা আরও বাড়ানো যায়, যাতে ম্যাচের সময় মাঠের মধ্যে অনুভব করতে পারি যে আমি বোলিং করছি, কিন্তু কখনও ক্লান্ত হচ্ছি না।”

“এই জিনিসগুলোর জন্য অফ টাইমে যে জিনিসগুলো করতে হয়, জিম বলুন, রানিং কিংবা নিজেকে মেইনটেইন করা—এই জিনিসগুলো ভালোভাবে করার চেষ্টা করি।”

এই সিরিজের প্রথম ম্যাচে নাহিদের পারফরম্যান্সের চিত্র ছিল উল্টো। সেদিন ১০ ওভারে ৬৫ রান দিয়ে কেবল ১টি উইকে নিতে পেরেছিলেন তিনি। 

২৩ বছর বয়সী ফাস্ট বোলার বললেন, দুই ম্যাচের প্রচেষ্টায় খুব বেশি পার্থক্য তার ছিল না। 

“প্রত্যেকটি দিন বা প্রত্যেকটি ম্যাচ একটা ক্রিকেটারের জন্য ভালো যায় না। আগের ম্যাচটা আমার জন্য হয়তো ভালো দিন ছিল না। আমি বাস্তবায়ন করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। এই ম্যাচেও প্রয়োগ করার চেষ্টা করছি এবং পরিকল্পনা অনুযায়ী বোলিং করার চেষ্টা করেছি, আজকে হয়েছে।”