Published : 22 Jul 2025, 11:38 PM
টপ অর্ডারের তিন জনের সবাই স্পর্শ করলেন পঞ্চাশ। তাদের দুজন আশি ছাড়ালেও তিন অঙ্ক ছুঁতে পারলেন না কেউই। পরের ব্যাটসম্যানের কেউ সেভাবে দাঁড়াতেই পারলেন না ক্রিজে। যদিও পুঁজি হলো তিনশর বেশি। কিন্তু বোলিং ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। জর্খ ফন স্কালভিকের রেকর্ড গড়া ইনিংসে হোয়াইটওয়াশ এড়াল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
তৃতীয় যুব ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ১৪ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচে জেতা বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানেই।
বেনোনির উইলমোর পার্কে মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৩ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ২৭০ রান। সেখান থেকে ৫০ ওভারে ৯ উইকেটে ৩২০ রানে থামে সফরকারীরা।
জবাবে স্বাগতিকরা ৪৪.৪ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান করার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমকে ডেকে ম্যাচ শেষ করে দেওয়ার কথা বলেন তারা। বাংলাদেশের খেলোয়াড়রা যদিও আপত্তি জানাতে থাকে। তবে শেষ পর্যন্ত আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নিতে হয় তাদের।
সিরিজের প্রথম ম্যাচ দিয়ে যুব ওয়ানডে অভিষেকে ৯ বলে শূন্য রানের পর দ্বিতীয় ম্যাচের একাদশে জায়গা হারিয়েছিলেন যিনি, ফন স্কালভিক এবার দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক। ১৪ চার ও ৪ ছক্কায় ১৫৬ বলে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেন ১৮ বছর বয়সী ওপেনার।
যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। ২৫ বছরের বেশি সময় ধরে রেকর্ডটি ছিল জ্যাক রুডলফের। ২০০০ সালের জানুয়ারিতে যুব বিশ্বকাপে নেপালের বিপক্ষে ১৪০ বলে অপরাজিত ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
দ্বিতীয় উইকেটে ফন স্কালভিকের সঙ্গে ১৮১ রানের জুটির পথে মোহাম্মদ বুলবুলিয়া করেন ৬৭ বলে ৬২ রান। ম্যাচের সেরা যদিও তাদের কেউ নন। ৬৫ রানে ৬ উইকেট নিয়ে পুরস্কারটি জেতেন পেস বোলিং অলরাউন্ডার এনতান্দো সোনি।
বাংলাদেশের হয়ে এ দিন সর্বোচ্চ ৮৬ রান করেন রিফাত বেগ। তার ১০৭ বলের ইনিংস গড়া ৭ চার ও ২ ছক্কায়। ১২ চার ও এক ছক্কায় ৭৮ বলে ৮৫ রান করেন কালাম সিদ্দিকি।
টানা তৃতীয় ফিফটিতে ৫ ছক্কা ও ৬ চারে ৫৮ বলে ৬৮ রান করেন জাওয়াদ আবরার। প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৭০ ও ৫৭ রান।
অধিনায়ক আজিজুল চার নম্বরে নেমে ১৯ বলে করেন ২৯ রান। আর কেউ ১৫ রানও করতে পারেননি। সংগ্রহটাও তাই আরও বড় হয়নি।
দুই দলই এখন ত্রিদেশীয় সিরিজ খেলতে চলে যাবে জিম্বাবুয়েতে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩২০/৯ (জাওয়াদ ৬৮, রিফাত ৮৬, কালাম ৮৫, আজিজুল ২৯, রিজান ২, আব্দুল্লাহ ১৩, ফারজান ৫, রাফি ১, আল-আমিন ১০, স্বাধীন ৬, সঞ্জিত ৪; বাসন ১০-০-৬২-১, মাজোলা ১০-০-৭০-১, সোনি ১০-০-৬৫-৬, কিটশিনি ১০-১-৪৭-০ রোলস ৫-০-৩৭-০, এমবাঠা ৪-০-৩০-১, বোসমান ১-০-৭-০)
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.৪ ওভারে ২৭৭/৩ (স্কালভিক ১৬৪, আদনান ১০, বুলবুলিয়া ৬২, রোলস ৫, প্রিটোরিয়াস ১৮; আল-আমিন ৪-০-৪২-২, সঞ্জিত ৪-০-৩৫-০, রাফি ১০-০-৫৮-০, রিজান ৮-০-৪৪-০, স্বাধীন ৮.৪-০-৪২-০, আজিজুল ১০-০-৫১-১)
ফল: ডিএলএস পদ্ধতিতে ১৪ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: এনতান্দো সোনি