‘একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত’, অভিযোগ সাবেক ক্রীড়া উপদেষ্টার
প্রধানমন্ত্রী তারেক রহমানও এই প্রক্রিয়ার অংশ কি না, প্রশ্ন তোলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, সেজন্য একজন স্বনামধ্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
তিনি উপদেষ্টার দায়িত্বে থাকার সময়ই গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়। সেই নির্বাচনে ‘নগ্ন সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ উঠেছে তখন থেকেই। নির্বাচনে ‘আনিয়ম ও কারসাজির অভিযোগ’ খতিয়ে দেখতে গত মাসে একটি তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটি রোববার তাদের প্রতিবেদন জমা দেয়।
কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর এই কমিটি ও ক্রিকেট বোর্ড নিয়ে সামাজিক মাধ্যমে দুটি পোস্ট দেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। এর দ্বিতীয়টিতে তিনি আঙুল তোলেন একজন ক্রিকেটারের দিকে।
“অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত।”
“এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে লন্ডনে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহ পুত্র জয় শাহের সাথে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান।”
ওই ক্রিকেটার আগেও এমন কিছুর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন সাবেক উপদেষ্টা।
“এর আগেও বিসিবি নির্বাচনের সময় তার ভিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম। অবৈধভাবে বোর্ড ভেঙে দেয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য ফাইনান্সিয়াল ব্যান কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা যেন গ্রহণ না করা হয়, সেটা নিশ্চিত করতে জয় শাহকে অনুরোধ জানাতেই এসব লবিং। উল্লেখ্য ইতিপূর্বে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কঠোর ব্যবস্থা নেয়ার নজির আছে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানও এই প্রক্রিয়ার অংশ কি না, প্রশ্ন তোলেন এখন এনসিপির মুখপাত্রের দায়িত্বে থাকা এই সাবেক এই উপদেষ্টা।
“আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলব না ভেবেছিলাম। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারও পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির পায়চারার খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা থাকা উচিৎ।”
“প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত? নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু।”
এর আগে বিসিবি নির্বাচনে ‘অনিয়ম ও কারসাজির অভিযোগ’ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রধান সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান জানান, সাবেক ক্রীড়া উপদেষ্টাকে আলোচনার জন্য ডাকা হলেও তিনি কমিটির সামনে হাজির হননি।
সেই হাজির না হওয়ার ব্যাখ্যাও সামাজিক মাধ্যমে দিয়েছেন আসিফ মাহমুদ। সেখানে গোটা প্রক্রিয়া নিয়ে একগাদা অভিযোগ করেছেন তিনি।
“আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি: প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ার বহির্ভূত ভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।”
“যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকাদের বিষয়ে জানানো হলো, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কি না জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি। কীভাবে সরকার চালাতে হয়, কীভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।”
