Published : 05 Jan 2026, 08:41 AM
হাহাকার ছিল একটি সেঞ্চুরির জন্য। অস্ট্রেলিয়ায় সেই স্বাদ আগে পাননি জো রুট। এবার তিনি করে ফেললেন দুটি। রেকর্ডের পথচলায় জায়গা করে নিলেন অস্ট্রেলিয়ারই এক কিংবদন্তির পাশে। তার সামনে এখন কেবল আর দুজন।
অ্যাশেজের সিডনি টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশনে শতরানের দেখা পান রুট। প্রথম দিন শেষ ৭২ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান সোমবার সকালে দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্কে পা রাখেন ১৪৬ বলে।
তার টেস্ট ক্যারিয়ারের ৪১তম সেঞ্চুরি এটি। টেস্ট সেঞ্চুরি সংখ্যায় স্পর্শ করলেন তিনি রিকি পন্টিংকে।
২৮৭ ইনিংসে ৪১ সেঞ্চুরিতে শেষ হয়েছে পন্টিংয়ের ঝলমলে ক্যারিয়ার। রুট তাকে ছুঁলেন ১০ ইনিংস বেশি খেলে।
ইংল্যান্ডের ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের সামনে এখন জ্যাক ক্যালিস। সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন এই প্রোটিয়া কিংবদন্তি সেঞ্চুরি করেছেন ৪৫টি।
টেস্ট সেঞ্চুরির রেকর্ডে শীর্ষে থাকা নামটি প্রায় সবারই জানা। ৫১ সেঞ্চুরি নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন ভারতের ক্রিকেট ইশ্বর সাচিন টেন্ডুলকার।
টেন্ডুলকারের রান ও সেঞ্চুরি সংখ্যা একসময় ছিল সবার ধরাছোঁয়ার বাইরে। কেউ কখনও তা পেছনে ফেলতে পারবেন না বলেই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু রুট এখন সেটিকেই বাস্তবে রূপ দেওয়ার পথে ছুটছেন। টেন্ডুলকারকে ছুঁতে সেঞ্চুরি লাগে আর ১০টি। ভারতীয় কিংবদন্তির রান ১৫ হাজার ৯২১। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আউট হন তিনি ১৬০ রানে। তার ক্যারিয়ার রান এখন ১৩ হাজার ৯৩৭। হাজার দুয়েক রান পেছনে আছেন তিনি আপাতত।
তার বয়স ৩৫ পূর্ণ হলো দিন ছয়েক আগে। ইংল্যান্ড যে পরিমাণে টেস্ট খেলে এবং রুট যেমন পারফর্ম করে চলেছেন, তার চূড়ায় ওঠার সম্ভাবনা আছে প্রবলভাবেই।
তার এমন সমৃদ্ধ ক্যারিয়ারেও একটি বড় খামতি ছিল এই অ্যাশেজের আগে। অস্ট্রেলিয়ায় এবারের আগে তিনবারের সফরে ১৪ টেস্ট খেলেও কোনো সেঞ্চুরি ছিল না। সেটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এবার তিনি শূন্যতা পূরণ করতে পারবেন কি না, সেটি নিয়েও ছিল তুমুল আলোচনা। পার্থে প্রথম টেস্টে আউট হন ০ ও ৮ রান করে।
তবে দ্বিতীয় টেস্টে ব্রিজবেনে অবসান হয় তার অপেক্ষায়। গোলাপি বলের দিন-রাতের টেস্টে ১৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। যেটি ছিল তার ৪০তম টেস্ট সেঞ্চুরি। পরের পাঁচ ইনিংসে আবার ব্যর্থ। কোনো ফিফটি করতে পারেননি। এবার সিডনিতে উপহার দিলেন আরেকটি শতরান।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে যেসব দেশে তিনি খেলেছেন, কেবল বাংলাদেশেই সেঞ্চুরি করতে পারেননি। অবশ্য খেলেছেন মোটে দুটি টেস্ট।