১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আমার নায়ক, আমার অনুপ্রেরণা’, সোবার্সের মৃত্যুতে ক্রিকেট বিশ্বের শ্রদ্ধা

ক্যারিবিয়ান কিংবদন্তির প্রয়াণে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা।

‘আমার নায়ক, আমার অনুপ্রেরণা’, সোবার্সের মৃত্যুতে ক্রিকেট বিশ্বের শ্রদ্ধা
স্যার গ্যারি সোবার্স। ছবি: আইসিসি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 02:48 AM

Updated : 11 Sep 2026, 03:40 PM

ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মধ্যে ক্রিকেট হারিয়েছে এক উজ্জ্বল নক্ষত্রকে। না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন স্যার গ্যারি সোবার্স। কিংবদন্তি এই অলরাউন্ডারের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।

বারবাডোজে ৮৯ বছর বয়সে মারা গেছেন সোবার্স। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার তার মৃত্যুর খবর জানায়।

১৯৬৮ সালে প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা মারার কীর্তি গড়েন সোবার্স। ১৯৮৫ সালে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তির পুনরাবৃত্তি করে সোবার্সের পাশে বসেন রাভি শাস্ত্রি। সাবেক ভারতীয় অলরাউন্ডার এক্স-এ লিখেছেন, সোবার্স ছিলেন তার কাছে অনুপ্রেরণার উৎস।

“আমার জীবদ্দশায় সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার। তার অবদান অতুলনীয়। আমার নায়ক। আমার অনুপ্রেরণা। স্যার গ্যারি, ঈশ্বর আপনার আত্মাকে শান্তি দিন।”

সোবার্সের একটি ছবি দিয়ে আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি লিখেছেন, “ক্রিকেট বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি... সেই প্রজন্মে তার দক্ষতা ছিল অনেকের কাছে নিজের প্রতিভা বিচার করার একটি মাপকাঠি। বিরল একজন... তার আত্মার শান্তি কামনা করি।”

এক ওভারে সোবার্সের ছয় ছক্কার সেই ভিডিও পোস্ট করেছেন আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ আজহারউদ্দিন। একই সঙ্গে তিনি প্রকাশ করেছেন শোক। 

“ক্রিকেট তার সর্বকালের সেরা আইকনদের একজনকে হারাল। স্যার গারফিল্ড সোবার্সের মৃত্যুতে গভীর শোকাহত। এই খেলাটিকে অলঙ্কৃত করা সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন তিনি। অলরাউন্ডার হিসেবে তার অতুলনীয় মেধা, অসাধারণ ক্রীড়াসুলভ মনোভাব এবং চিরস্থায়ী ‘লেগ্যাসি’ বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটারদের অনুপ্রাণিত করে যাবে।”

একসময় সোবার্সের বিপক্ষে খেলেছেন যিনি, সাবেক ইংলিশ ব্যাটসম্যান জেফ বয়কট দা টেলিগ্রাফ-এ নিজের কলামে লিখেছেন, মানুষ হিসেবেও সোবার্স ছিলেন অনুকরণীয় একজন।

“তিনি ছিলেন একজন সুপারস্টার এবং খুবই সাদাসিধে মানুষ। তাকে কখনও অভিযোগ করতে বা অন্য খেলোয়াড়দের নিয়ে বাজে কথা বলতে শুনিনি আমি। তার ভালো একটি মন ছিল। তিনি তার সময় ও পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ছিলেন উদার।

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি যা রেখে গেছেন। তার সেরা সময়ে যারা তাকে দেখেছেন, তাদের কাছে তিনি একজন গ্রেট ব্যাটসম্যান, সর্বকালের সেরা অলরাউন্ডার, একজন আইকন, জীবনে একবারই দেখা মেলে, এমন একজন অসাধারণ ক্রিকেটার হয়েই থাকবেন।”

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ স্মরণ করলেন তার জীবনে সোবার্সের অবদানের কথা।

“গ্রেট স্যার গারফিল্ড সোবার্সের প্রয়াণে অন্য অনেকের মতো আমার হৃদয়ও ভারাক্রান্ত। তিনি আমাকে সবসময় উদারভাবে সময় ও পরামর্শ দিতেন। মাঠে তার পারফরম্যান্স ও নেতৃত্বের মাধ্যমে তিনি বারবাডোজ ও ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জকে বিশ্বে এক অভূতপূর্ব মর্যাদায় উন্নীত করেছিলেন। কষ্ট হচ্ছে, তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু খুব আনন্দ হয় যে, তিনি এসেছিলেন। তাকে নিয়ে আমাদের এমন অনেক স্মৃতি আছে, যা এই খেলাটিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। শান্তিতে ঘুমান।”

কিংবদন্তি গ্যারি সোবার্সের প্রয়াণ

সোবার্সের মতো কেউ ছিল না, কেউ আসবে না